২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষে আহত ৫

এক সাংবাদিককে মারধরের জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

জবি, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক সাংবাদিককে মারধরের জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এরা হলেন- মেহেদী, আবুল কালাম, রানা , রাসেল ও তানভীর রায়হান। আহতদের মধ্যে মেহেদীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টার দিকে পার্ক করা পতাকাবাহী একটি গাড়ি প্রসঙ্গে দৈনিক 'সকালের খবরে'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর রায়হান প্রক্টর অফিসের এক কর্মচারীর সঙ্গে কথা বলছিলেন। গাড়ির বিষয়টি নিয়ে ওই কর্মচারীকে প্রশ্ন করায় ছাত্রলীগের মেহেদী নামে এক কর্মীর সঙ্গে তানভীরের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার মেহেদীর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপের কর্মীরা তানভীরকে মারপিট করে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মচারী হাসান। অন্যদিকে ছাত্রলীগের আহত কর্মী আবুল কালামের দাবি, গত সোমবারের ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে তানভীর আইন বিভাগে গিয়ে মেহেদীর শার্ট ধরে প্রক্টর অফিসে নিয়ে আসতে চেয়েছেন। ‍"তখন মেহেদী ও তার বন্ধুরা তানভীরকে মারপিট করে।" পরে পাশের সুমনা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে এলে ছাত্রলীগের আরেকটি গ্রুপ তানভীরের পক্ষে অবস্থান নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারামারির ঘটনার একটি অভিযোগ এসেছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে জড়িতদের সাংগঠনিকভাবে বিচার করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০৭ ঘ.