২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাউদার্ন মেডিক্যাল বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের দুই দফা দাবিতে আন্দোলনের মুখে নগরীর বেসরকারি চিকিৎসা শিক্ষা কেন্দ্র 'সাউদার্ন মেডিক্যাল কলেজ' বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের দুই দফা দাবিতে আন্দোলনের মুখে নগরীর বেসরকারি চিকিৎসা শিক্ষা কেন্দ্র 'সাউদার্ন মেডিক্যাল কলেজ' বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকাল ৪টায় কলেজ বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৭টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ডা. মো. হাসানুজ্জামান ভুঁইয়া রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা অযৌক্তিক দাবিতে আন্দোলন করছে। সমস্যা সমাধানে গঠিত কমিটির সঙ্গেও তারা আলোচনা করতে রাজি নয়। এমনকি গভর্নিং বডিতে অভিভাবক প্রতিনিধি আছে। গভর্নিং বডির কথাও তারা শুনছে না।" "তাই বাধ্য হয়ে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।" শিক্ষার্থীদের দুই দফা দাবি হলো- শিক্ষা কার্যক্রম শেষ করতে নির্ধারিত ৬০ মাসের বেশি সময়ের প্রয়োজন হলে তার জন্য অতিরিক্ত বেতন না নেওয়া এবং ইন্টার্নশিপ ফি বাবদ কলেজ কর্তৃপক্ষের দাবি করা অতিরিক্ত ৮৪ হাজার টাকা না নেওয়া। এ দুই দাবিতে কলেজের প্রথম তিন ব্যাচের (২০০৫-০৬, ০৬-০৭, ০৭-০৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে। দুপুরে তারা অবস্থান ধর্মঘট করে। তিন ব্যাচ মিলিয়ে এ কলেজের শিক্ষার্থী সংখ্যা ৮৪ জন। এ বিষয়ে আন্দোলনরত প্রথম ব্যাচের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫ বছরের কোর্সে কেউ কোনো সেমিস্টারে অকৃতকার্য হলে তাকে আবার পুরো সেমিস্টারের ফি দিয়ে পরীক্ষা দিতে হয়। পাশাপাশি অন্যায়ভাবে ইন্টার্নশিপ ফি দাবি করা হচ্ছে।" এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হাসানুজ্জামান বলেন, "পাঁচ বছরের কোর্স শেষ করতে কারো ১০ বছর লাগলেও সে শুধু পাঁচ বছরের কোর্স ফি দেবে এমন নিয়ম সরকারি মেডিক্যালেও নেই।" "আর ইন্টার্নির জন্য তারা প্রতি মাসের জন্য ৭ হাজার টাকা করে এক বছরের জন্য ৮৪ হাজার টাকা দিলে আমরা তাদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে ইন্টার্নশিপ ফি দেব।" কলেজ বন্ধের বিষয়ে নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা সহিংস কিছু করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪৯ ঘ.