জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দৈনিক প্রথম আলোর 'বিভ্রান্তিমূলক' সংবাদকে 'দায়ী' করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দৈনিকটির বিরুদ্ধে মামলা করার হুমকিও দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে পর্বে এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের এ অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রথম আলোর বিভ্রান্তিমূলক সংবাদই দায়ী।
"প্রয়োজনে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা হবে।"
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, "'তিনটি বিশ^বিদ্যালয়কে টাকা দিতে অর্থ মন্ত্রণালয় রাজি নয়' শিরোনামে একটি সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। প্রকৃত পক্ষে অর্থ মন্ত্রণালয় বিশ^বিদ্যালয়কে বাজেট দেয় না। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসির মাধ্যমে বিশ^বিদ্যালয়গুলোকে বরাদ্দ দেয়।"
"২৭(৪) ধারা অনুযায়ী ধাপে ধাপে বরাদ্দ কমে যাওয়ার কথা থাকলেও বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয়ের মতো জবিকে অর্থ বরাদ্দ দিতে ইউজিসিকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী টাকা পেয়ে আসছে এ বিশ^বিদ্যালয়।"
সরকারি অর্থায়ন বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার দুই দিন পর সংবাদ সম্মেলন করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিজস্ব অর্থায়নের ধারা বাতিলে ২৫ সেপ্টেম্বর সড়ক অবারোধের মাধ্যমে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।
আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে।
শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে।
ওয়াহিদুজ্জামান বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে ৩০ সেপ্টেম্বর বৈঠক করেছেন উপাচার্য। শিক্ষামন্ত্রী সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে দ্রুত এ বিষয়ে সন্তোষজনক সমাধানের আশ^াস দিয়েছেন। এরপর শিক্ষার্থীরা কোনো ধ্বংসাত্মক কর্মসূচিতে যাবে না বলে আমরা বিশ^াস করি।"
সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুলিশ মামলাটি করেছে, কর্তৃপক্ষ পরে জেনেছে। মামলাটি তুলে নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০০৬ ঘ.
bdnews24