২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা অধ্যাপক আবুল কালাম আজাদ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। স্বাস্থ্য অধিপ্তরের ওয়েবসাইটে (http://www.dghs.gov.bd/) ফল দেখা যাচ্ছে। শুক্রবার সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষা হয়। পরীক্ষার প্রায় সপ্তাহখানেক আহে প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিককে গ্রেপ্তার কা হয়। এছাড়া পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। উদ্ধার হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল ছিলো না বলে র‌্যাব জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মোহাম্মদ শরাফত করিম (রোল: ১,১০,১৮৬)। তিনি একশ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ৬৯ দশমিক ৫। তবে পরীক্ষায় পাওয়া নম্বরে শিক্ষার্থীরা বিস্মিত। কারণ পরীক্ষার প্রশ্নপত্র এবার সহজ হয়েছে বলেই মনে করেছিলেন তারা। গত পাঁচ বছর ধরে মেডিক্যালে ভর্তিচ্ছুদের পড়িয়ে আসা রাজীব সাহা নামে এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার প্রথম স্থান পাওয়া পরীক্ষার্থী যে নম্বর পেয়েছে গত পাঁচবছরের হিসেবে তা সর্বনিু। "পরীক্ষার্থীরা হয়তো সহজ প্রশ্নের উত্তর সহজে দিয়েছে। কিন্তু ভুল উত্তরের কারণে অনেক নম্বর কাটা গেছে।" চলতি বছরের পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হয়। তবে ভর্তি পরীক্ষার এ পদ্ধতি বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার আগে বিজ্ঞপ্তি দিয়ে কিছু জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। পরিচালক শাহ আব্দুল লতিফকেও মন্তব্যের জন্য পাওয়া যায়নি। এ বছর সরকারি মেডিকেল কলেজের ২৭৬০ এবং ডেন্টালের ২৮০ আসনের বিপরীতে ৫১ হাজার ২৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৩৬৬৩ এবং ডেন্টালে ৭৬৫ আসন রয়েছে। এ পরীক্ষা হওয়ার কথা ছিলো গত ২৩ সেপ্টেম্বর। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২৩৪৮ ঘ.