২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আযিযুল হকে ছাত্রাবাসে তালা, আর ছাত্ররা মেসে

প্রায় দুই বছর ধরে তালাবদ্ধ বগুড়া সরকারি আযিযুল হক কলেজের তিনটি ছাত্রাবাস। তাই অতিরিক্ত পয়সা খরচ করে মেসে থাকতে হচ্ছে ছাত্রদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

জিয়া শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বগুড়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই বছর ধরে তালাবদ্ধ বগুড়া সরকারি আযিযুল হক কলেজের তিনটি ছাত্রাবাস। তাই অতিরিক্ত পয়সা খরচ করে মেসে থাকতে হচ্ছে ছাত্রদের। কর্তৃপক্ষ বারবার ছাত্রাবাসগুলো খোলার আশ্বাস দিয়ে এলেও তা খোলা হচ্ছে না। কলেজের ইংরেজি বিভাগের ছাত্র মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভেবেছিলাম হোস্টেলে থেকে পড়ালেখা করবো। কিন্তু ভর্তির পর থেকেই দেখছি সবগুলো হোস্টেলই তালাবদ্ধ। তাই অতিরিক্ত পয়সা খরচ করে মেসেই থাকতে হচ্ছে।" প্রায় একই কথা বলেন ব্যবস্থাপনা বিভাগে মোহন- "আসলে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের অভাবেই হোস্টেলগুলো খোলা হচ্ছে না। এতে শত শত ছাত্র মেস ভাড়া নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে।" কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, ২০০৯ সালের ২০ ডিসেম্বর ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর তিনটি ছাত্র হোস্টেল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। পরে একবার উদ্যোগ নেওয়া হলেও এগুলো আর খোলা হয়নি। কলেজ অধ্যক্ষ ড. সালামত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হোস্টেল খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা প্রয়োজন।" তবে অধ্যক্ষের এই কথায় আশ্বস্ত হতে পারছেন না ছাত্ররা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, অধ্যক্ষ কয়েক মাস পরেই অবসরে যাচ্ছেন। তাই এসময় তিনি আশ্বাস দিলেও হল খুলে দেওয়ার ঝুঁকি নেবেন না। ১৯৩৯ সালের ৯ জুলাই প্রতিষ্ঠিত আযিযুল হক সরকারি কলেজে বর্তমান শিক্ষার্থী প্রায় ৩৬ হাজার। ছাত্র-ছাত্রীর অনুপাত প্রায় সমান। কলেজে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য একটি হোস্টেল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য তিতুমীর ছাত্রাবাসে ৭৬টি, শেরে বাংলা ছাত্রাবাসে ৪৬টি এবং নবনির্মিত শহীদ মুন ছাত্রবাসে ১০০ আসন রয়েছে। ছাত্রীদের জন্য নির্মিত বেগম রোকেয়া ছাত্রবাসে আসন রয়েছে ৬০০টি। তিতুমীর ছাত্রাবাসের সুপারিনটেনডেন্ট আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেদিন প্রশাসনিক নির্দেশ পাওয়া যাবে, সেদিনই আমরা হোস্টেল খুলে দিতে প্রস্তুত আছি।" ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শফি আহম্মেদ বিদ্যুৎ জানান, চাহিদার তুলনায় আসন কম হওয়ায় হলগুলোতে সবসময়ই ধারণ ক্ষমতার চেয়ে দেড়-দুই গুণ বেশি ছাত্র অবস্থান করে। ব্যক্তিমালিকানাধীন মেসের তুলনায় ভাড়া কম হওয়ায় হোস্টেলগুলোতে সিট পাওয়ার জন্য শিক্ষাবর্ষের শুরুতে হাজারো আবেদন জমা পড়ে। শিক্ষার্থীরা জানান, ছাত্র হোস্টেলে প্রতিটি আসনের জন্য বছরে ১ হাজার ৮০০ টাকা করে জমা নেওয়া হয়। অপরদিকে ক্যাম্পাসের পাশে গড়ে ওঠা ব্যক্তি মালিকানাধীন মেসগুলোতে সিঙ্গেল বেডের জন্য মাসে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক কলেজ শিক্ষক জানান, গত বছরের জুলাই মাসের মাঝামাঝিতে একবার ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিলো। এজন্য সিট বরাদ্দের আবেদনপত্রও আহ্বান করা হয়। কিন্তু অধ্যক্ষের অপসারণের দাবিতে ছাত্রলীগের লাগাতার আন্দোলনের কারণে সে উদ্যোগ ভেস্তে যায়। বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১১৫৩ ঘ.