সাতক্ষীরা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি পরীক্ষায় অনিয়ম করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে কয়েকজন শিশু।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় 'বঞ্চিত' কয়েকেজন ছাত্রী রোববার সিনিয়র সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করে।
বিচারক জাহিদুল ইসলাম আগামী ২২ ফেব্র"য়ারি মামলার আদেশের জন্য শুনানির দিন ধার্য করেন।
বাদীরা হলো- তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রী সদর উপজেলার মথুরাপুর গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে তাওসী, শহরের পলাশপোল এলাকার নজরুল ইসলামের মেয়ে সাদিয়া মোস্তারি নওশিন, কাঠিয়া এলাকার মিন্টু রহমানের মেয়ে রাখি আক্তার মিম, আবুল বাসারের মেয়ে নুসরাত বাসার নিশি ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পুরাতন সাতক্ষীরার নুরুল ইসলামের মেয়ে নাফিসা ইসলাম।
বাদী সবাই অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের মায়েরা এই মামলা পরিচালনা করবেন বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়।
বিবাদীরা হলেন- সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক, ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মণ্ডল।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বাদীদের অনিয়মের মাধ্যমে অকৃতকার্য করান বিবাদীরা। পরে দুর্নীতির মাধ্যমে অন্য শিক্ষার্থীদের নিয়ে কৃতকার্যের তালিকা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24