'ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ও করিম; ওইতো মঞ্জু"। যুক্তরাস্ট্র প্রবাসী বন্ধু একেএম করিমকে ডেকে শামসুল হোসেন যার কথা বললেন, সেই মঞ্জু হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
এই তিন জনের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৭১ ব্যাচের শিক্ষার্থী। এ বিভাগ থেকে বিভিন্ন বছরে যারা স্নাতক হয়েছেন- তাদের অনেকেই শুক্রবার জড়ো হয়েছিলেন ইংরেজি বিভাগ অ্যালমনাই সোসাইটির ২৫তম বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে। বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এ 'মিলনমেলার' শুরু হয়।
এই বিভাগের ১৯৫৫ ব্যাচের ছাত্র বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে বহুমুখী জ্ঞান অর্জনের পদ্ধতি সম্পর্কে জানানো। এই একটি জায়গায় সফলতা বা ব্যর্থতার উপর পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সফলতা ব্যর্থতা নির্ভর করে।"
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "সেই পদ্ধতিটি আমি ইংরেজি বিভাগ থেকেই জানতে পেরেছিলাম।"
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর খানিকটা বিরতিতে পুরনো সহপাঠী-বন্ধুদের আড্ডা জমে ওঠে। সঙ্গে চলে ভর্তা মাখানো 'চিতই পিঠা' পর্ব।
আড্ডার মধ্যেই পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন প্রায়ই স্মৃতিকাতর করে তোলে। এখন যেখানে হাকিম চত্বর, আমাদের সময়ে সেখানে ছিল শরিফ মিয়ার ক্যান্টিন। সেই ক্যান্টিনের বিরানির স্বাদ এখানো মুখে লেগে আছে।"
"পুলিশের আইজি মানেই চব্বিশ ঘণ্টা ব্যস্ততা। তবে অল্প সময়ের জন্য হলেও ফেলে আসা দিনগুলোতে ফিরে যেতে অনেক কষ্টে আজকের এই সময়টি বের করেছি," যোগ করে তিনি।
তার এক সময়ের সহপাঠী ইংরেজি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রেবেকা হক অনুষ্ঠানের ব্যস্ততার মধ্যেও খোঁজ নিয়ে যাচ্ছিলেন আড্ডারত বন্ধুদের।
পাশেই দেখা গেল সাবেক সহপাঠী সেলিমা সুবহানের সঙ্গে খুনসুটিতে মেতে আছেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শাহিন মাহবুবা হক।
জিজ্ঞেস করতেই বললেন, "আজ খুব ইচ্ছে করছে টিএসসির সেই হই হুল্লোড়, সেই মন মাতানো সময়গুলোতে ফিরে যেতে।"
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. সদরুল আমিনকেও সাবেক সহপাঠীদের সঙ্গে আড্ডায় মাততে দেখা গেল।
আড্ডার মাঝেই ডাক পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই বিভাগেরই সাবেক শিক্ষার্থী শিল্পী রুক্সি আহমেদ ও মেহরিন ভূঁইয়াসহ অনেকেই অংশ নেন এই অনুষ্ঠানে।
র্যাফেল ড্র অনুষ্ঠানে কাতার এয়ারওয়েজের ঢাকা-ব্র্রাসেলস-ঢাকা বিমান টিকেটটি জিতে নেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে তাসলিমা আইরিন আইভি (২০০৫), আনজুমান আরা (২০০৬), মুনাসির কামাল (২০০৭) ও প্রতীতি শিরিনকে (২০০৮) স্বর্ণপদক দেওয়া হয়। এরা সবাই নিজ নিজ বর্ষে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।
সাবেক ব্যাংকার হারুন আল-রশিদকে সভাপতি এবং নন্দন গ্র"পের মাশরুর চৌধুরীকে সাধারণ করে পুনর্মিলনীতে গঠিত হয় সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেবেকা হককে নতুন কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
১৯২১ সালে প্রতিষ্ঠার সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করে। তবে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি শুরু হয় ১৯৮৬ সালের ডিসেম্বরে। বিদায়ী কমিটিতে অধ্যাপক ড. আহসানুল হক এর সভাপতি এবং গোলাম মোস্তফা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২২৩০ ঘ.
bdnews24