২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ছয় হলে তল্লাশি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি ছাত্র হলে একযোগে তল্লাশি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 07:50 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি ছাত্র হলে একযোগে তল্লাশি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১টায় শুরু হওয়া এ অভিযানে ধামরাই, আশুলিয়া ও সাভার থানা পুলিশ অংশ নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান। তল্লাশি চলে রাত সোয়া ২টা পর্যন্ত। হলগুলো হলো- মওলানা ভাসানী হল, আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম বরকত হল, আলবেরুণী হল, মীর মোশাররফ হোসেন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। রফিক-জব্বার হলে তল্লাশি হয়নি। সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনোয়র হোসেনের নেতৃত্বে চলা এ অভিযানে রাত ২টা পর্যন্ত কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, নিয়মিত অনুসন্ধান কাজের অংশ হিসেবে হলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের ছাত্রীদের কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগের দুটি পক্ষের পাল্টাপাাল্টি হামলায় আটজন আহত হয়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিম আল দীন মুক্তমঞ্চের কাছে আলবেরুণী ও শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগ কর্মীরা মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০২২১ ঘ.