জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সেলিম আল দীন মুক্তমঞ্চে' ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এবং জাবি প্রগতিশীল ছাত্রজোট।
বুধবার ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের সময় ক্যাম্পাসের ওই মুক্তমঞ্চে এ হামলা চালানো হয়।
ওই সময় মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে নাট্য পার্বনের সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল ।
বিক্ষোভ মিছিলটি দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হয়ে নতুন পরিবহন চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি মাহি মাহফুজ, জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যকর্মী বিপাশা এবং জাবি সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সুপ্রিম।
'সেলিম আল দীন মুক্তমঞ্চে' ছাত্রলীগের হামলায় জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটকের বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।
তারা অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মাহী মাহফুজ বলেন, এ হামলার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪০ বছরের ইতিহাসকে কলংকিত করা হয়েছে।
এদিকে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে দুপুরে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকার সমর্থক ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.আরজু মিয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কোনো অপরাধীকে আগেও যেমন প্রশ্রয় দেয়নি, এবারও দেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24