ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি কয়েকজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাইফুল ইসলাম বকুলকে (শিক্ষাবর্ষ: ২০০৯-১০) বেদম প্রহার করে, এতে সে গুরুতর আহত হয়।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অশোক কুমার সরকার (২০০৭-০৮ শিক্ষাবর্ষ), আবু তাহের (২০০৯-১০ শিক্ষাবর্ষ) এবং ইমরান হোসেন পলাশকে (২০০৯-১০ শিক্ষাবর্ষ) সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে সুষ্ঠু বিচারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯৩১ ঘ.
bdnews24