ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনব্যাপী 'ইউকে শিক্ষা মেলা-২০১১' ঢাকায় শুরু হয়েছে। বুধবার হোটেল সোনারগাঁওয়ের গ্রান্ড বলরুমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিয়ুর রহমান।
এর আগে তিনি শিক্ষার্থীদের ভালোভাবে তথ্য সংগ্রহ করে দেশের বাইরে পড়তে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "বিদেশের স্কুল-কলেজ সম্পর্কে যারা ভালোভাবে খোঁজ-খবর না নিয়ে পড়তে যায় তারাই ভোগান্তিতে পড়ে।"
তিনি যুক্তরাজ্যে শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
সরকার শিক্ষা মেলা নিষিদ্ধ করার পরও কীভাবে এ মেলার আয়োজন করা হয়েছে প্রশ্নে মশিয়ুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত মেনেই ব্রিটিশ কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।"
বিট্রিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল ওবিই বলেন,"যেসব শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্যে যেতে চান তাদের তথ্য সরবরাহ ও ভর্তির সুযোগ করে দিতেই এ মেলা আয়োজন।"
তিনি জানান, মেলায় যুক্তরাজ্যের ৪১টি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। সোনারগাঁ হোটেলের গ্রান্ড বলরুমে বুধবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ৫০ টাকা।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার নিকলো বলেন, মেলায় দর্শনার্থীরা আন্ডারগ্রাজুয়েট এবং পোস্টগ্রাজুয়েট ডিগ্রী, বৃত্তি এবং যুক্তরাজ্যে থাকা ও পড়াশোনার খরচের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ব্যাংগর ইউনিভার্সিটি, বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ফ্রাডফোর্ড কলেজ, ব্র"নেল ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি, ডেভিড গেম কলেজ, ডার্বি ইউনিভার্সিটি, ডুর্হাম ইউনিভার্সিটি, ইলিং হ্যামারস্মিথ অ্যান্ড ওয়েস্ট লন্ডন কলেজ, ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটি, ইস্ট লন্ডন ইউনিভার্সিটি, এডিনবার্গ টিলফোর্ড কলেজ, গ্রিনউইচ ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, হাল ইউনিভার্সিটি, আইকন কলেজ অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, কেলি ইউনিভার্সিটি, লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিভারপুল হোপ কলেজ, লায়ান্দ্রিল্লো কলেজ, লন্ডন একাডেমী অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ম্যারিটাইম গ্রিনউইচ কলেজ, মিডলসেক্স ইউনিভার্সিটি, নটিংহাম ইউনিভার্সিটি, কুইন মার্গারেট ইউনিভার্সিটি, কুইন ম্যারি ইউনিভার্সিটি, শেফিল্ড হাল্লাম ইউনিভার্সিটি, সাউথ লন্ডন কলেজ, সেন্ট প্যাট্রিক কলেজ, স্টিভেনসন কলেজ এডিনবার্গ, সেন্ট্রাল কলেজ অব লন্ডন, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কশায়ার, ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি, উস্টার ইউনিভার্সিটি, সিটি লন্ডল কলেজ, ইউনিভার্সিটি অব ওরচেস্টার এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার।
চট্টগ্রামের আগ্রাবাদে ইছামতি হলে আগামী ২৯ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/পিডি/১৬১৬ ঘ.
bdnews24