২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে মারামারিতে ১০ ছাত্র আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইন্সটিটিউট ও চারুকলা অনুষদের ছাত্রাবাস শাহনেওয়াজ ভবনের ছাত্রদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইন্সটিটিউট ও চারুকলা অনুষদের ছাত্রাবাস শাহনেওয়াজ ভবনের ছাত্রদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, সমাজকল্যাণ ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র রুহুল আমীন ও তারেক নিউ মার্কেট এলাকায় শাহনেওয়াজ ভবনের গেট সংলগ্ন একটি হোটেলে নাশতা করতে যায়। ওই হোটেলে চারুকলা অনুষদের ছাত্র ফয়সালও নাশতা করতে যায়। রুহুল আমীন ও তারেকের পাশে খালি জায়গা পেয়ে ফয়সাল সেখানে বসতে গেলে তারা বসতে বাধা দিয়ে জানায়, সেখানে তাদের অন্য বন্ধু বসবে। এতে ফয়সাল ক্ষিপ্ত হয়ে সেখানে জোর করে বসতে চায়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষই তাদের বন্ধুদের ফোনে খবর জানায়। এ সময় দু'পক্ষের ছাত্ররা প্রায় আধা ঘণ্টা ধরে ইটপাটকেল ছোড়ে এবং মারপিট করে। আহতরা হলেন চারুকলার ভাস্কর্য বিভাগের ছাত্র পলাশ, রিচার্ড ও শিপন, গ্রাফিক ডিজাইনের ছাত্র রাজন, ফয়সাল, রাজীব, সমাজ কল্যাণ ইন্সটিটিউটের ছাত্র তারেকুল ইসলাম, রোকন, সিরাজ ও রাশেদ। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/এমআই/১৩৪০ ঘ.