২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্র"পে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়াউর রহমান হলে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে হল ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে রোববার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়াউর রহমান হলে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে হল ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে রোববার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। দুপুরে হল ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন জিকু ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ গ্র"পের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় সোহাগ গ্র"পের কর্মীরা মার্কেটিং বিভাগের তৃতীয় সিমেস্টারের শিক্ষার্থী হাসানকে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১০-১১ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে জিয়া হলে ওঠাতে চায় তার এলাকার (গাইবান্ধা) বড় ভাই হাসান। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় সিমেস্টারের ছাত্র ও সোহাগ গ্র"পের কর্মী বুরহানও ওই ছাত্রকে নিজের অধীনে হলে ওঠাতে চায়। এর জের ধরে বুরহান ও তার বন্ধুরা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে হাসানকে মারধর করে। খবর পেয়ে জিকু গ্র"পের কর্মীরা হল থেকে বের হয়ে সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে সোহাগ গ্র"পের কর্মীদের ধাওয়া দেয়। পরে লোহার রড, হকিস্টিক ও ক্রিকেট স্ট্যাম্প নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয় তারা। এ বিষয়ে ঢাবির সহকারী প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিএসসিতে লাইনে দাঁড়ানো এবং হলে ছাত্র ওঠানো নিয়ে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে আমরা শুনেছি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" ছাত্রলীগ হল শাখা সভাপতি জিকু ও সাধারণ সম্পাদক সোহাগ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২১৬ ঘ.