ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
খালেদা জিয়া সংগঠনের নতুন কমিটিকে অভিনন্দন জানান। এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের পুরনো ও নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির ২২ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী।
অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের মহাসচিব রকীব উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক মনোয়ারা ইসলাম, সদস্য অধ্যাপক এজাজ উদ্দিন, আসিফ খান।
সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২১৩৪ ঘ.
bdnews24