২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ধর্মঘট করেছে শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার ধর্মঘট করেছে। দাবি না মানলে অব্যাহত রাখার হুমকি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

রাজশাহী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার ধর্মঘট করেছে। দাবি না মানলে অব্যাহত রাখার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে একাডেমিক ভবনগুলোর ফটকে তালা লাগিয়ে দেয়। পরে তারা ক্যাস্পাসে মিছিল বের করে। এ সময় ক্লাস, প্রশাসনিক কাজ এবং ক্যাম্পাসের বাস চলাচল বন্ধ থাকে। দুপুরে ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা দাবির পূরণের বিষয়ে প্রশাসনের টালবাহনার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন রুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ, শিক্ষার্থী আব্দুল আজিজ, পলাশ, রনি প্রমুখ। উপাচার্য পদত্যাগ না করলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে বক্তারা হুমকি দেন। তাদের দাবিগুলো হলো- শিক্ষক সঙ্কট নিরসন, আবাসিক হলে ইন্টানেট সংযোগের ব্যবস্থা, ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপন, ছাত্রী হল শেখ হাসিনার নামে রাখা, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা, ক্রীড়া শিক্ষক নিয়োগ ও খেলার মাঠ সংস্কার, হলের ডাইনিংয়ে খাবারের মান উন্নতকরণ, লোডশেডিং কমানো, আধুনিক মিলনায়তন ও নতুন হল নির্মাণ, শিক্ষার্থী পরিবহনের জন্য দু'টি বাস ক্রয়, গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার সময় রুয়েট ক্যাম্পাসে শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার। এ দাবিগুলো নিয়ে বেশ কিছুদিন থেকে রুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এ ব্যাপারে রুয়েট উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোিেন্টফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও সরকার দলীয় বিভিন্ন নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। ছাত্রদের আলোচনায় ডাকলে সাড়া দেয় না। তিনি বলেন- শহীদ মিনার স্থাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা, শিক্ষার্থীদের পরিবহন বাস ক্রয়ের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। ক্যাম্পাসে শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য জড়িত ছাত্রদের হলের আবাসিকতা বাতিল করে একটি উচ্চতর তদন্ত কমিটি হয়েছে। নতুন হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি জানান। শিক্ষক সঙ্কট নিরসন ও ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং খেলার মাঠ সংস্কারের বিষয়ে সিন্ডিকেটে আলোচনা হয়েছে। অন্য তাবিগুলো পূরণের জন্য সময়ের প্রয়োজন। কিন্তু ছাত্ররা সময় না দিয়ে আন্দোলন করছে। আন্দোলনের বিষয়ে জ্যেষ্ঠ শিক্ষক, ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রাধ্যক্ষদের নিয়ে বৈঠক করা হয়েছে বলে উপাচার্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.