২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে উত্ত্যক্তের অভিযোগ শিক্ষককের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত অমিতাভ চ্যাটার্জী ওই বিভাগের খণ্ডকালীন শিক্ষক। শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিভাগীয় একাডেমিক কমিটির জরুরি সভায় বিষয়টি তদন্তের সুপারিশ করা হয়। এছাড়া ওই শিক্ষককে ক্লাস নেওয়া থেকে বিরত থাকারও সুপারিশ করে কমিটি। সোমবার নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বিভাগীয় সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এছাড়া বিভাগের আরো কয়েকজন শিক্ষার্থী এবং এক শিক্ষার্থীর বাবা উপাচার্যের কাছে একই কারণে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়- অমিতাভ চ্যাটার্জী দীর্ঘদিন ধরে বিভাগের ছাত্রীদের সরাসরি বা মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। তাদের অশালীন প্রস্তাব এবং শিক্ষাজীবন ধ্বংসের হুমকিও দেন তিনি। অভিযোগকারীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করেন। নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সভায় বিষয়টি দ্রুত তদন্তের সুপারিশ করা হয়েছে। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অমিতাভ চ্যাটার্জীকে ক্লাস নেওয়া থেকে বিরত থাকারও সুপারিশ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে বলে জানান তিনি। রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন, শিক্ষকের ছাত্রী উত্ত্যক্ত করা বিষয়ে নাট্যকলা বিভাগ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। বুধবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৪ ঘ.