রাজশাহী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক সংকট নিরসন ও শহীদ মিনার স্থাপনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জন করে।
এসব দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে ধর্মঘট ডেকেছে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তালা লাগিয়ে দেয়। ফলে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারেনি। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে মঙ্গলবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাকা হয়।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রুয়েট শাখা ছাত্রলীগের আহব্বায়ক হারুন-অর-রশিদ সমাবেশে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে তাদের স্থান সংকুলান হচ্ছে না। পরিবহন ব্যবস্থাও অপ্রতুল। শিক্ষক সংকটের কারণে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এরপরও শিক্ষকরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে ব্যস্ত থাকেন। হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। বিশুদ্ধ পানির অভাবে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।
সমাবেশে বক্তারা বলেন, 'স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রে' রুয়েট ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করা হয়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডও বন্ধ রয়েছে।
এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোিেন্টফোর ডটকমকে বলেন, "শহীদ মিনার স্থাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা, শিক্ষার্থীদের পরিবহনের জন্য বাস কেনার বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই এগুলোর বাস্তবায়ন হবে।"
আবাসন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রদের হলের বরাদ্দ বাতিল করতে একটি তদন্ত কমিটি হয়েছে। এছাড়া নতুন হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বরাদ্দ চাওয়া হয়েছে।
শিক্ষক সংকট নিরসন, ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং খেলার মাঠ সংস্কারের বিষয়ে সিন্ডিকেটের সভায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এসব বিষয় নিয়ে বিকালে জ্যেষ্ঠ শিক্ষক, ডিন, বিভাগীয় প্রধান ও হল প্রাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২১০৩ ঘ.
bdnews24