২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

সহাবস্থানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার ছাত্রদল মিছিল করেছে। অবশ্য সংঘর্ষের আশঙ্কায় মাঝপথে তা থামিয়ে দেয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহাবস্থানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার ছাত্রদল মিছিল করেছে। অবশ্য সংঘর্ষের আশঙ্কায় মাঝপথে তা থামিয়ে দেয় পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় আমরা মিছিলটি থামিয়ে দিয়েছিলাম।" বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে মিছিলটি বের হয়ে টিএসসি হয়ে হাকিম চত্বরে পৌঁছলে পুলিশ তা থামিয়ে দেয়। পরে হাকিম চত্বরেই সমাবেশ করে ছাত্রদল। এ সময় ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান। ছাত্রদল ঢাবি শাখার আহ্বায়ক আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, ফজলুল করিম আবেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান খোকন ও ঢাবির যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল হক নাসের প্রমুখ। এদিকে, মিছিল-সমাবেশ শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দেয় ছাত্রলীগ। এ সময় ছাত্রদলকর্মী সন্দেহে কয়েকজন সাধারণ ছাত্রকে ধাওয়া দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ব্যাপারে সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। তবে কেউ বিচ্ছিন্নভাবে এ রকম করে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/১৭৫০ ঘ.