২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন স্কুলে ১৩ হাজার অতিরিক্ত বই উদ্ধার

বিনামূল্যের পাঠ্যবই অতিরিক্ত নিয়েছে এমন চারটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটিতে ১৩ হাজারেরও বেশি অতিরিক্ত বই উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের পাঠ্যবই অতিরিক্ত নিয়েছে এমন চারটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটিতে ১৩ হাজারেরও বেশি অতিরিক্ত বই উদ্ধার করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। ধানমণ্ডির ঢাকা পাবলিক স্কুল, খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুল, সবুজবাগের মানিকনগর মডেল স্কুল ও মতিঝিলের পোস্ট অফিস হাই স্কুলে এ অভিযান চালানো হয়। পোস্ট অফিস হাই স্কুল ছাড়া অন্য তিনটি স্কুলে তাদের প্রাপ্যের অতিরিক্ত ১৩ হাজারেরও বেশি বই পাওয়া যায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী এসব স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে সুপারিশ করা হবে। তিনি জানান, ঢাকা পাবলিক স্কুলে প্রায় পাঁচ হাজার অতিরিক্ত বই পাওয়া গেছে। এ স্কুলের স্বীকৃতি বাতিল করার সুপারিশ করা হবে। ন্যাশনাল আইডিয়াল স্কুলে প্রায় চার হাজার বই পাওয়া গেছে। এ স্কুলের শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল না করে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সুপারিশ করা হবে। সবুজবাগের মানিকনগর মডেল স্কুলে প্রায় পাঁচ হাজার বই পাওয়া গেছে। এ স্কুলের প্রধান শিক্ষকের এমপিও বাতিল করার জন্য মাউশির কাছে সুপারিশ করবে এনসিটিবি। এ বছর যেসব শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যের বই অতিরিক্ত নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান চালানো হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্তে বলা হয়েছে, অতিরিক্ত বই পাওয়া গেলে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত, এমপিওভুক্ত হলে এমপিও বাতিল, স্বীকৃতিপ্রাপ্ত হলে স্বীকৃতি বাতিল করা হবে। চাহিদার অতিরিক্ত বই নিয়েছে সন্দেহভাজন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৫ টি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত বই ফেরত দেওয়ার জন্য সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। এই সময়ের মধ্যে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এক লাখেরও বেশি বই ফেরত দিয়েছে। শনিবার অভিযান চালানো হয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে। রতন সিদ্দিকী বলেন, "আরো ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এনসিটিবির সন্দেহের তালিকায় রয়েছে।" ২০১১ সালে প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় ২৩ কোটি ২২ লাখ বিনামূল্যের বই ছাপানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২৩০১ ঘ.