ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব স্কুল বিনামূল্যের অতিরিক্ত পাঠ্যবই নিয়ে সরকার ঘোষিত সময়সীমার মধ্যে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সাতদিনের এ সময়সীমা বৃহস্পতিবার শেষ হয়েছে।
বিনামূল্যের পাঠ্যবই বিতরণের দায়িত্বপ্রাপ্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষ কর্মকর্তা রতন সিদ্দিকী জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত বই ফেরত দেয়নি, সরেজমিনে পরিদর্শনে গিয়ে বই পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার থেকেই আকস্মিকভাবে বিভিন্ন স্কুল পরিদর্শন করা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে অতিরিক্ত বই,ফেরত না দিলে সরকারি স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিল এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করা হবে।
অতিরিক্ত বই নেওয়া ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ পর্যন্ত মাত্র ১৭ টি এক লাখ বই ফেরত দিয়েছে। বাকিগুলোর বিরুদ্ধে শনিবার থেকে ঝটিকা অভিযান শুরু করবে এনসিটিবি।
২০১১ সালের বইয়ের জন্য গত বছরের মার্চের মধ্যে চাহিদা জমা দেওয়ার কথা থাকলেও বছরের শেষে ডিসেম্বরে এসে যারা চাহিদা দিয়েছেন তদন্ত সাপেক্ষে তাদেরকে বই দিচ্ছে সরকার। প্রথমদিকে ৩৮৬ টি প্রতিষ্ঠান চাহিদা জমা দিলেও ২৭৪ টি প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে এবং তাদের বই দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের পর চাহিদা জমা দেওয়া এসব প্রতিষ্ঠানের জন্য মোট ২লাখ ৬১ হাজার ৭৪৫ কপি বই প্রয়োজন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওই কর্মকর্তা আরো জানান, ঢাকা মহানগরীর জন্য ৬৪ লাখ বই বরাদ্দ রয়েছে। বাড়তি চাহিদার কারণে এখন আরো দুই লাখ বই প্রয়োজন।
এসব শিক্ষা প্রতিষ্ঠানকে মঙ্গলবার পর্যন্ত এক লাখ এক হাজার ২৪৪ কপি বই সরবরাহ করা হয়েছে। আরো এক লাখ ৬০ হাজার ৫০১ কপি বই দিতে হবে এসব প্রতিষ্ঠানকে।
রতন সিদ্দিকী বলেন, যেসব অতিরিক্ত বই ফেরত পাওয়া যাচ্ছে সেগুলো থেকে এসব প্রতিষ্ঠানকে বই সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর বই নেই, যা দেওয়া হবে বাফার স্টক থেকে ।
এছাড়া বইয়ে ভুল থাকলে প্রেসকে জরিমানা করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০৫০ ঘ.
bdnews24