২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেরিতে চাহিদা পাঠানো প্রতিষ্ঠানেও বই যাচ্ছে

বিনামূল্যের বইয়ের জন্যে দেরিতে চাহিদা পাঠানো মাধ্যমিক শ্রেণীর ১৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০টিতে রোববার পর্যন্ত প্রায় ৭০ হাজারের মতো বই বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের বইয়ের জন্যে দেরিতে চাহিদা পাঠানো মাধ্যমিক শ্রেণীর ১৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০টিতে রোববার পর্যন্ত প্রায় ৭০ হাজারের মতো বই বিতরণ করা হয়েছে। দেরিতে চাহিদা পাঠানো এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বইয়ের প্রয়োজন ১ লাখ ৬০ হাজার ৫০১ কপি। এদের মধ্যে স্কুলের অস্তিত্বই নেই এমন শিক্ষা প্রতিষ্ঠানও পাওয়া গেছে বলে জানিয়েছেন বিনামূল্যের বই বিতরণের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী। রাজধানীর শনির আখড়ার ঠিকানায় আসমা মেমোরিয়াল স্কুলের নামে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ১০০ কপি বইয়ের চাহিদা আসে মন্ত্রণালয়ে। লালবাগের ঠিকানায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩৬৫ কপি বইয়ের চাহিদাও আসে। কিন্তু সরেজমিনে গিয়ে এসব ঠিকানায় এ নামের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা রতন সিদ্দিকী। তদন্ত না করলে এসব প্রতিষ্ঠানগুলো বই নিয়ে বাজারে বিক্রি করতো বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তাই এসব স্কুলের নামে যেসব ব্যক্তিরা বইয়ের চাহিদা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যে সব শিক্ষা প্রতিষ্ঠান দেরিতে চাহিদা দিয়েছে সেসব প্রতিষ্ঠানকে সত্যায়িত করতে হচ্ছে পার্শ্ববর্তী এমপিওভুক্ত স্কুলের প্রধান শিক্ষক, এলাকার প্রধান শিক্ষক, স্থানীয় সাংসদ বা ওয়ার্ড কমিশনার। নিয়মানুযায়ী, ২০১১ শিক্ষা বর্ষের বইয়ের জন্যে ২০১০ সালের মার্চ মাসের মধ্যেই চাহিদাপত্র জমা দিতে হয়েছে। অতিরিক্ত বই ফেরত দেওয়া প্রতিষ্ঠান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রাপ্তির অতিরিক্ত বই নিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন ঘোষণার পর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানই বই ফেরত দিতে শুরু করেছে। এমন তালিকাভুক্ত ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠান বই ফেরত পাঠিয়েছে। বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে শুধু মিরপুর অঞ্চলেই ১০টি বিদ্যালয়ে যে পরিমাণ অতিরিক্ত বই পাওয়া যায় তার হার ৪০ দশমিক ৮১ শতাংশ। এ তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা রাখা হচ্ছে। যাতে তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না এ মর্মে সাক্ষ্য দিচ্ছে। ৭ জানুয়ারির মধ্যেই যারা অতিরিক্ত বই নিয়েছে তাদের তা ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছে সরকার। এ সময়ের মধ্যে বই ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত, এমপিওভুক্ত হলে এমপিও বাতিল এবং স্বীকৃতিপ্রাপ্ত হলে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ফেরত নেওয়া বই যারা দেরিতে চাহিদা দিয়েছে তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান রতন সিদ্দিকী। এছাড়া ঢাকার বাইরে যারা চাহিদার অতিরিক্ত বই নিয়েছে এ বিষয়টিও তদারকি করা হবে বলে তিনি জানান। তবে, ঢাকার বাইরে এ সংখ্যা খুব বেশি হবে না বলে মনে করছেন তিনি। এ বছরই প্রথম বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসেবে পালন করা হয়। এক সপ্তাহের মধ্যেই দেশের প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে যাবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বছর মোট ৩ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২৯ জন শিক্ষার্থীর জন্য ২৩ কোটি ২২ লাখ বই ছাপিয়ে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ১৪০ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৪৭৫ কপি বই ছাপানো হয়েছে। মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ৭৯ লাখ ৬১ হাজার ২৩৯ জন শিক্ষার্থীর জন্য ৯ কোটি ২২ লাখ ৩৯ হাজার ১৪৪ কপি বই ছাপানো হয়েছে। মাদ্রাসা শিক্ষায় ইবতেদায়ীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৫ লাখ ৬ হাজার ৬৯০ জনের জন্য ১ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ৩৯ কপি বই ছাপানো হয়েছে। দাখিল এবং দাখিল ভোকেশনালে ১৯ লাখ ৮১ হাজার ২৬০ জন্য শিক্ষার্থীর জন্য ১ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৫৭৬ কপি বই ছাপানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৯২৯ ঘ.