২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব শিক্ষার্থী বই পাবে এক সপ্তাহে: মন্ত্রী

বছরের প্রথম দিনেই বিনামূল্যের বই বিতরণ কাজ শুরু করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের বই সব শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বছরের প্রথম দিনে শনিবার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা জানান। সারাদেশে এবারই প্রথম বছর শুরুর দিন জাতীয় পাঠ্য পুস্তক দিবস হিসেবে পালিত হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের মধ্যে বই পাওয়া না গেলেও আগামী এক সপ্তাহের মধ্যে বিনামূল্যের বই সবার হাতে পৌঁছে যাবে। "বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যারা একসঙ্গে ২৩ কোটির বেশি বিনামূল্যে বই ছাপিয়ে বিতরণ করেছে", বলেন তিনি। শনিবার সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ বলেন, "যদি কোথাও এক শতাংশ বইও কম পৌঁছে থাকে তাহলে আমরা আমাদের বাফার স্টকের পাঁচ শতাংশ বই থেকে ওই এক শতাংশ বই পৌঁছে দেবো।" এ বছর প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর ৩ কোটি ২২ লাখ ৩৬ হাজার শিক্ষার্থীর জন্য ২৩ কোটি ২২ লাখ বিনামূল্যের বই বিতরণ করা হচ্ছে। গত বছর ১৯ কোটির বেশি বিনামূল্যের বই বিতরণ করা হয়। শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "দয়া করে আপনারা (শিক্ষক) শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভালো করে বোঝানোর চেষ্টা করুন।" শিক্ষকদের বেতন স্কেল ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলে জানান মন্ত্রী। নোটবই না কিনে সন্তানদের পাঠ্যপুস্তক অনুসরণ করে শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে সরকারের চেষ্টার কথা তুলে ধরে নুরুল ইসলাম বলেন, "আগে পঞ্চম শ্রেণীর আগেই ৪৮ শতাংশ শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর আগেই ৪২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়তো। এখন আমরা এই ঝরে পড়া রোধ করতে আন্তরিকভাবে চেষ্টা করছি।" ঝরে পড়া রোধে সরকার উপবৃত্তির আওতায় ৩০ শতাংশ ছাত্রী এবং ১০ শতাংশ ছাত্রকে বৃত্তি দিচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএন/আরএ/এমআই/১৪২০ ঘ.