২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর সঙ্গে অভদ্র আচরণ, শিক্ষকের বিচার দাবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এর প্রতিবাদে দিগেন্দ্র বর্মন কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করেছে। দিগেন্দ্র বর্মন কলেজের যুক্তিবিদ্যার ওই শিক্ষকের নাম আবদুল মোতালেব। কলেজরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানান, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আবদুল মোতালেব তিন ছাত্রীকে তার কলেজ সংলগ্ন বাসভবনে আসতে বলেন। ছাত্রীরা তার বাসভবনে গেলে মদ্যপ অবস্থায় ওই শিক্ষক ছাত্রীদের অশোভন প্রস্তাব দেন। ছাত্রীরা এর প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি তাদের গালমন্দ করেন ও হুমকি দেন। পরে ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানান। সোমবার অভিভাবকরা বিষয়টি কলেজের অধ্যক্ষ বিমলাংশ রায়কে জানালে তিনি ওই শিক্ষককে সতর্ক করে দেন এবং কলেজ সংলগ্ন বাসভবন ছেড়ে চলে যেতে বলেন। এদিকে ঘটনাটি শোনার পর ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। অধ্যক্ষ বিমলাংশ রায় জানান, ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মোতালেবকে সতর্ক করে কলেজ সংলগ্ন বাসভবন ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি কলেজ পরিচালনা পর্ষদের আগামী বৈঠকে আলোচনা হবে বলেও তিনি জানান। এ ব্যাপারে আবদুল মোতালেব বলেন, "আমি ছাত্রীদের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করিনি। তাদের সঙ্গে আমার সামান্য কথা কাটাকটি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.