২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত বেতন-ফি: চবিতে দুই গ্র"পের হাতাহাতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ধিত বেতন-ফি বিরোধী প্রত্যাহারে আন্দোলনরত শিক্ষার্থীদের দুই গ্র"পের মধ্যে হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ধিত বেতন-ফি বিরোধী প্রত্যাহারে আন্দোলনরত শিক্ষার্থীদের দুই গ্র"পের মধ্যে হাতাহাতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্ত্বর সংলগ্ন এলাকায় আন্দোলন প্রত্যাহারের বিরোধী অংশের ওপর আন্দোলন প্রত্যাহারকারীরা হামলা চালায়। এতে আন্দোলন প্রত্যাহারের বিরোধী অংশের ছয়/সাত জন শিক্ষার্থী আহত হয়। এর আগে সকালে ক্যাম্পাসে মিছিল করে আন্দোলন প্রত্যাহারের বিরোধীরা। আন্দোলন প্রত্যাহারের বিরোধী অংশের নেতা চবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমের কাছে দাবি করেন, "প্রশাসনের সহায়তায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" হামলার সময় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল না বলে অভিযোগ করেন তসলিম। আন্দোলন প্রত্যাহারকারী অংশের নেতা বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক তবারেক হোসেন হামলার কথা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নেয়ায় আন্দোলনের যৌক্তিকতা নেই।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবারের আলোচনায় সব সমস্যার সমাধান হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কী সমস্যা হয়েছে সে বিষয়ে আমরা জানি না।" সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টার আলোচনা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলনের একাংশের নেতারা। অন্যদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আরেকটি অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০৪৬ ঘ.