২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে গণিত শিক্ষক বাড়ানোর সুপারিশ

মাধ্যমিক পর্যায়ে গণিতে বিএসসি শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং উপজেলা পর্যায়ে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের সুপারিশ করেছে মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষার সার্বিক মানোন্নয়নে গঠিত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক পর্যায়ে গণিতে বিএসসি শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং উপজেলা পর্যায়ে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের সুপারিশ করেছে মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষার সার্বিক মানোন্নয়নে গঠিত কমিটি। মঙ্গলবার এ কমিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে সমস্যা ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। গণিতে বিদ্যমান কারিক্যুলামের বৈশিষ্ট্য, শিক্ষক সমস্যা, পাঠ্যপুস্তক, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির বিভিন্ন সমস্যা ও এগুলো থেকে পরিত্রানের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "গণিত কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী নতুন কারিক্যুলামের আওতায় ২০১২ সালের সিলেবাস প্রণয়নের চেষ্টা করা হবে। গণিতে দক্ষ শিক্ষকরা বেশিরভাগই কোচিং এ ক্লাশ নিতে ব্যস্ত থাকেন, তারা বিদ্যালয়ের ক্লাশে একেবারেই কম সময় দেন।" তিনি বলেন, "তারা প্রশ্ন করেন না, খাতা মূল্যায়নও করতে চান না। ফলে দেখা যায়, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।" নাহিদ আরো বলেন, "এ সরকার ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের ভীতি কমাতে এ বিষয়গুলোকে যুগের সাথে সামঞ্জস্য রেখে আরো সহজ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই তিন বিষয়ে তিনটি কমিটি গঠন করা হয়েছে। যাদের দেওয়া সুপারিশ ২০১২ সালের সিলেবাসে বাস্তবায়নের চেষ্টা করা হবে।" তিনি বাংলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি ইংরেজী, বিজ্ঞান ও অংক ভীতি কমানোর আহ্বান জানান শিক্ষার্থীদের প্রতি। তিনি বলেন, "কমিটি গণিত দিবস, গণিত অলিম্পিয়াডের মতো বিভিন্ন আয়োজন করার সুপারিশ করেছে। আমরা এ ব্যাপারে আন্তরিক।" বিদ্যমান গণিত কারিক্যুলামের সমস্যা চিহ্নিত করে প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সালে প্রণীত কারিক্যুলাম অনুসারে বর্তমানে গণিত শিক্ষা দেওয়া হচ্ছে, যা আধুনিক নয়। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ হচ্ছে না এবং বাস্তব জীবনে গণিতের প্রয়োগও হচ্ছে না। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শতকরা ৯০ ভাগ শিক্ষকের বিএড ডিগ্রি আছে। কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের দক্ষতা কমে যাচ্ছে। প্রতিবেদনে সুপারিশে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে বর্তমানে স্কুল প্রতি মাত্র একজন গণিত শিক্ষক আছে যা বৃদ্ধি করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের সময় বৃদ্ধি ও মানোন্নয়ন, ভিন্ন নিয়মে অংক করলে তা কেটে দেওয়ার প্রবণতা রোধ, গণিত শিক্ষক একাডেমি প্রতিষ্ঠা প্রভৃতি সুপারিশ এতে করা হয়েছে। কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম এবং সদস্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, উদয়ন স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক রতন কান্তি মন্ডল, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক রাজিয়া বেগম, গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মুনির হাসান, ঢাকা সিটি কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৫১৩ ঘ.