সাভার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবর দেওয়ার একমাস পর ইডেন কলেজ ছাত্রী সালমা আক্তার শান্তার (২২) লাশ তোলা হয়েছে পুনঃ ময়নাতদন্তের জন্য।
সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের উপস্থিতিতে আশুলিয়ার জামগড়া দরগাহ কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
গত ২৮ অগাস্ট শান্তার মৃত্যু হয়। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হলেও তার পরিবারের দাবি, শান্তাকে হত্যা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, আদালতের নিদের্শে তিনি লাশ উত্তোলন করে পুন: ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
শান্তার খালাত ভাই ইকবাল হোসেন জানান, হত্যাকারীরা কৌশলে শান্তার লাশের ময়নাতদন্তে আত্মহত্যা বলে রিপোর্ট তৈরি করিয়েছে।
তাই পুনঃ ময়নাতদন্তের জন্য গত ৮ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। পরদিন আবেদন মঞ্জুর করে আবারো ময়নাতদন্তের জন্য একজন ম্যাজিস্ট্র্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের নির্দেশ দেওয়া হয়।
শান্তার বাবা আব্দুস সামাদ মিয়া জানান, শান্তা 'হত্যা'র ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে।
তারা থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে হত্যার হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।
এজন্য জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৬ সেপ্টেম্বর শান্তার মা শাহানাজ পারভীন আশুলিয়া থানায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৯৪৩) করেছেন।
শান্তার মা শাহানাজ পারভীন অভিযোগ করেন, হত্যাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে শান্তার মতো আমার ছেলে মো. শ্যামল ও ভাগনে ইকবালকে হত্যার হুমকি দিচ্ছে।
মামলার বাদী ও নিহতের মামা চাঁন মিয়া জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবিদ হোসেন আসামিদের পক্ষে কাজ করছেন। তাই আশুলিয়া থানা পুলিশের তারা আস্থা হারিয়ে ফেলেছেন।
মামলাটি সিআইডিতে স্থানান্তরের জন্য দুয়েকদিনের মধ্যে তারা আবেদন করবেন বলে জানান তিনি।
আশুলিয়া থানায় দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, গত ৮ জুলাই আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উত্তর জামগড়া এলাকার ফরিদুল আলমের সঙ্গে ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী শান্তার বিয়ে হয়।
কিন্তু বিয়ের পর স্বামী শান্তার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হয়।
যৌতুকের টাকা না পেয়ে ফরিদুল আলম ও দেবর শফিকুল ইসলাম গত ২৮ অগাস্ট শান্তাকে হত্যা করেন বলেও মামলায় অভিযোগ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবিদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ময়নাতদন্ত রিপোর্টে শান্তার মৃত্যু আত্মহত্যা বলে উল্লেখ রয়েছে। তাই আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকলেও তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.
bdnews24