ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব পালিত হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সত্যেন শিল্পী সংস্থা এ উৎসবের আয়োজন করে।
বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য ও একক সঙ্গীত পরিবেশন।
সত্যেন শিল্পী সংস্থার সভাপতি হায়াৎ মামুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকের ছিলেন বিশেষ অতিথি।
আরেফিন সিদ্দিক বলেন, "আমাদের নতুন প্রজন্ম অ্যাপার্টমেন্ট লিভিংয়ের (বাসাবাড়িতে বসবাস) কারণে ঋতু বৈচিত্র্যের এ দেশে নানা আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হয়। উৎসব আয়োজনের মাধ্যমে তাদের সে আনন্দ করার সুযোগ করে দেওয়া হয়।
"তাদের কাছে আমাদের সংস্কৃতি পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।"
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঋতু বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আলী যাকের বলেন, "সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘে ঢেকে আছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ভেবে নিলাম আজকালতো এরকম হয়ই। কিন্তু পরে ধীরে ধীরে মেঘ কেটে গেলে তখন শরতের আমেজ পেয়েছি বলে মনে হল।"
আলোচনা অনুষ্ঠান শেষে দলীয় সঙ্গীত পরিবেশন করে উত্তরায়ণ, বহ্নিশিখা, সুরসপ্তক ও রবিরাগ। দলীয় নৃত্যে অংশ নেয় নৃত্য সংগঠন নৃত্যম ও সুকন্যা।
একক সংগীত পরিবেশন করেন শিল্পী মিতা হক, ফেরদৌস আরা, লিলি ইসলাম, বিমানচন্দ্র বিশ্বাস ও সঞ্জয় রায়।
বিকালের পর্বে আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্র"প থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০৩৩ ঘ.
bdnews24