২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া দুই লাখ প্রাথমিক শিক্ষক প্রয়োজন হবে

নতুন শিক্ষানীতি বাস্তবায়নে আরো সোয়া দুই লাখ প্রাথমিক শিক্ষক প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন শিক্ষানীতি বাস্তবায়নে আরো সোয়া দুই লাখ প্রাথমিক শিক্ষক প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। জাতীয় সংসদে বৃহস্পতিবারের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান গণশিক্ষামন্ত্রী। গত ৩১ মে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুমোদন করে মন্ত্রিসভা। নতুন শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণীর ব্দলে অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয়েছে। এ শিক্ষা অবৈতনিক, সর্বজনীন এবং বাধ্যতামূলক। তবে এই শিক্ষানীতি এখনো বাস্তবায়ন হয়নি। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী আফসারুল সংসদে জানান, নতুন শিক্ষানীতি অনুযায়ী আরো দু'লাখ ২৬ হাজার ৩২ জন শিক্ষক প্রয়োজন হবে। তবে, কবে নাগাদ এই শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। মন্ত্রী বলেন, "নতুন শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার মেয়াদ অষ্টম শ্রেণীতে পর্যন্ত বৃদ্ধির নির্দেশনার কথা উল্লেখ করে গণশিক্ষামন্ত্রী জানান, এ জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকের পদ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, "অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন তিনটি শ্রেণীর জন্য প্রতিটি শ্রেণীতে একজন শ্রেণী শিক্ষকসহ বিষয়ভিত্তিক শিক্ষকের দুই লাখ ২৬ হাজার ৩২টি পদ সৃষ্টি করতে হবে।" এছাড়া দাপ্তরিক কাজের জন্য উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টির প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী আফসারুল। পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা চালু করা হবে বলেও উল্লেখ করা হয় নতুন শিক্ষানীতিতে। মাধ্যমিক শিক্ষার স্তর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১০ম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা, পৌরসভা অথবা থানা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হবে। পঞ্চম শ্রেণীর ফলাফলের ওপরও থাকবে বৃত্তির ব্যবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫০ ঘ.