২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তিচ্ছুদের পদচারণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম বর্ষে ভর্তিচ্ছুদের পদচারণায় প্রতিদিনই মুখর হয়ে উঠে ক্যাম্পাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম বর্ষে ভর্তিচ্ছুদের পদচারণায় প্রতিদিনই মুখর হয়ে উঠে ক্যাম্পাস। ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে ভর্তিচ্ছুরা সোমবারও বিশ্ববিদ্যালয়ে অগ্রনী ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান। গত ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে (২০১০-২০১১ শিক্ষাবর্ষ) ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু হয়েছে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছুরা সারিবদ্ধভাবে আবেদনপত্র কিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, সংশপ্তক, মুক্তমঞ্চ, জহির রায়হান মিলনায়তন এলাকায় বসে তা পূরণ করে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিচ্ছেন। মানিকগঞ্জের শিক্ষার্থী জসিম উদ্দিন জানান, তিনি 'ক', 'ঘ', 'ছ' ইউনিটের আবেদনপত্র সংগ্রহ করতে এসেছেন। অগ্রণী ব্যাংকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও গাবতলী, ফার্মগেট ও জাতীয় যাদুঘর শাখায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের (www.juniv.edu) মাধ্যমে এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় উপনিবন্ধক (শিক্ষা) আবুল কালাম আজাদ বলেন, "সময় শেষের দিকে হওয়ায় আবেদনপত্র সংগ্রহের জন্য চাপ কিছুটা বেশি।" আগামী ২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ১ ডিসেম্বর থেকে ১ম বর্ষের ক্লাশ শুরু করা হবে তিনি জানান। এবার প্রথমবারের মত জাবিতে বিষয়ভিত্তিক পরীক্ষার বদলে ৭টি ইউনিটে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদের অধীনে ৩০টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় ১ হাজার ৭ শ শিক্ষার্থী ভর্তি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৫৭ ঘ.