খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিটে নির্ধারিত দূরত্বের অতিরিক্ত ভ্রমণ করা নিয়ে কথা কাটাকাটির জেরে একটি বাস ভাংচুর করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্ররা।
শনিবার ভোরে নগরীর ফুলবাড়ী গেট এলাকায় এ ভাংচুর হয়।
ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ কুয়েটের সাত ছাত্রকে আটক করে ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে।
হামলায় আহত বাস চালক মামুন (৫০), সুপারভাইজার মতিন (৪০) ও সহকারী মাহমুদকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ওসি মো. শাহাবুদ্দিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
কুয়েটের ছাত্র রাজীবুজ্জামান রিজভী ও আহসান উল্লাহ মেহেদী ঢাকা থেকে যশোরের টিকিট নিয়ে সোহাগ পরিবহনের একটি ভলভো বাসে ওঠেন শুক্রবার রাতে।
বাসটি যশোর পৌঁছলে সুপাভাইজার মতিন তাদের নামতে বললে তারা খুলনা যাবেন বলে জানান। তখন খুলনার ভাড়া দাবি করলে মতিনের সঙ্গে তাদের কথা কাটকাটি হয়।
এদিকে গাড়ি চলতে থাকা অবস্থায় রিজভী ও মেহেদী মোবাইল ফোনে তার সহপাঠীদের ঘটনাটি জানান।
ভোর ৬টার দিয়ে গাড়িটি কুয়েটের প্রবেশ মুখে ফুলবাড়ীগেট বাস স্ট্যান্ডে পৌঁছলে ৩০-৩৫ জন ছাত্র লাঠিসোটা নিয়ে বাসটি ভাংচুর করে।
এ সময় কাছের ফাঁড়ির পুলিশ এসে কুয়েটের ছাত্র রাজীবুজ্জামান রিজভী, আহসান উল্লাহ মেহেদী, রিফাত হাসান, রহমতুল আলম ইভান, শাফায়েত হোসেন, ইনামুল হক ইনাম ও মোসাদ্দেক হোসেনকে আটক করে।
পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার ও সোাহাগ পরিবহনের কর্মকর্তারা থানায় পুলিশের সঙ্গে বৈঠকে শেষে বিকাল ৪টার দিকে আটক ছাত্রদের ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24