২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ পদের বিপরীতে ৪৬ নিয়োগ !

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপিত ৯টি পদের বিপরীতে অবৈধভাবে ৪৬টি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়োগে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 11:23 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

এস এম রনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপিত ৯টি পদের বিপরীতে অবৈধভাবে ৪৬টি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়োগে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ সেপ্টেম্বর সিণ্ডিকেটের এক সভায় অবৈধভাবে এ নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেটের সব সিদ্ধান্তই সাংবাদিকদের জানানোর নিয়ম থাকলেও উপাচার্য ও সিন্ডিকেট সদস্যরা এ ব্যাপারে কেউ মুখ খোলেননি। এদিকে এ অবৈধ নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। তারা আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি শাখা কর্মকর্তা এবং তিনটি সহকারি রেজিস্ট্রার-এই মোট নয়টি পদের জন্য ছয় মাস আগে বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়। সিন্ডিকেট সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, নয়টি পদের বিপরীতে বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনপত্র নেওয়া হলেও দলীয়করন, স্বজনপ্রীতি ও ব্যপক অর্থ লেনদেনের মাধ্যমে ৪৬টি পদে এ নিয়োগ দেয়া হয়। এছাড়া উচ্চমান সহকারি পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান না করে এই পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে সূত্রটি জানায়। অথচ বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক নিয়োগ না করার নিয়ম জারি আছে। সূত্র আরো জানায়, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাসহ কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলের অনেক প্রার্থীই প্রভাব খাটিয়ে এবং অর্থের বিনিময়ে এই গণনিয়োগে জায়গা করে নিয়েছে। এছাড়া জামাত-শিবিরের অনেকেই টাকার বিনিময়ে ছাত্রলীগের পরিচয়ে নিয়োগ পেয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে অপর একটি বিশ্বস্ত সূত্র জানায়, উপাচার্যের খুবই কাছের তিনজন সহকারি রেজিস্ট্রার এ সংক্রান্ত প্রায় কোটি টাকার লেনদেনের সাথে জড়িত। সূত্র জানায়, নিয়োগ মনোনয়নের বিষয়ে সিন্ডিকেট সভা গত ৩১ আগস্ট হওয়ার কথা ছিলো। কিন্তু বিজ্ঞাপনের চেয়ে পাঁচগুন বেশি নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এবং সব ধরনের ঝামেলা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হওয়ার আগের দিন ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিন্ডিকেট সভা হয়। নিয়মানুযায়ী সিন্ডিকেটের সভার পর সিদ্ধান্তগুলি সাংবাদিক ও অন্যদের জানিয়ে দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন ও সিন্ডিকেটের অন্য সদস্যরা কেউই মুখ খোলেননি। এ ব্যাপারে উপাচার্য ড. আলাউদ্দিন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনের সাথে বারবার মোবাইল টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, "সিন্ডিকেট সভা হয়ে যাওয়ার পর সভার সিদ্ধান্ত জনগনের সম্পদ হয়ে যায় এবং সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী তা জানার অধিকার রাখে। সভার সিদ্ধান্ত না জানানোর বিষয়টি দুঃখজনক এবং তা নিয়ম বহির্ভূত।" ইতিপূর্বে উপাচার্য সাংবাদিকদের কাছে বারবারই বলেছেন, বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের চেয়ে অতিরিক্ত কোন পদ খালি নেই। তাই কোনভাবেই অতিরিক্ত পদ সৃষ্টি সম্ভব নয় এবং নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে অতিরিক্ত কাউকে নিয়োগ দেওয়াও সম্ভব নয়। কিন্তু সিন্ডিকেট সভার কয়েকদিন আগে উপাচার্য বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি অতিরিক্ত পদ সৃষ্টি করে নিয়োগ দেয়া হতে পারে।" এদিকে ৫ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভায় কী সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে কয়েকজন সিন্ডিকেট সদস্য বলেন, "উপাচার্যের নিষেধ অনুসারে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাইরে জানানো যাবে না।" বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন কোটি টাকার বাজেট ঘাটতি থাকার পরও অতিরিক্ত পদে নিয়োগ দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও অন্যান্য ছাত্র-শিক্ষক সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছে। শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান বলেন, "কোটি কোটি টাকা বাজেট ঘাটতি থাকার পরও ইউজিসির কথা অমান্য করে এবং বিধিমালা লঙ্ঘন করে নজীরবিহীনভাবে এই গণনিয়োগ দেওয়ার ঘটনায় শিক্ষকদের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৪ ঘ.