রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ্ নাসিম হত্যায় ঘটনায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগের ছয় কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিষয়টি সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃংখলা বোর্ড বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
বহিষ্কৃত ছাত্ররা হলেন- শাহ্ মখদুম (এসএম) হলের আবাসিক ছাত্র জহুরুল ইসলাম (লোক প্রশাসন, সেশন: ২০০৬-০৭), লুৎফর রহমান (প্রাণিবিদ্যা, সেশন: ২০০৩-০৪), জাহিদুল ইসলাম (সমাজকর্ম, সেশন: ২০০৪-০৫), তৌফিকুল ইসলাম (বাংলা, সেশন: ২০০৭-০৮), রুহুল আমিন (রাষ্ট্রবিজ্ঞান, সেশন: ২০০৬-০৭) এবং মশিউর রহমান (মনোবিজ্ঞান, সেশন: ২০০৪-০৫)।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান সাংবাদিকদের ছয় ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শাহ্ মখদুম (এসএম) হলে বিশেষ ইফতারের আয়োজন করা হয়। রাবি ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের সমর্থকরা ইফতারের অতিরিক্ত টোকেন চাইলে সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক নাসিম এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা নাসিমকে মারধর করে হলের দোতলা থেকে ফেলে দেয়। টানা আট দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ অগাস্ট তার মৃত্যু হয়।
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাসিমকে দোতলা থেকে ফেলে দেয়ার ঘটনায় ১৬ অগাস্ট হল প্রশাসন একই হলের আবাসিক শিক্ষক রুহুল আমিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ছাত্রলীগের এই ছয় কর্মীকে দোষী চিহ্নিত করে ৩১ আগস্ট হল প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র রায়ের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রাধ্যক্ষ ওই প্রতিবেদন গত ২ সেপ্টেম্বর উপাচার্যের কাছে পাঠান।
নাসিমের মৃত্যুর পর ২৪ অগাস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বহিষ্কার করে।
নাসিমকে দোতলা থেকে ফেলে দেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মতিহার থানায় ওইদিনই একটি মামলা হয়। জড়িত সন্দেহে ওইদিনই পুলিশ রুহুল আমিন ও সাঈদ নামের দুই কর্মীকে আটক করে। তারা কারাগারে আছেন। বাকি আসামিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২৩৬ ঘ.
bdnews24