২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ৪ নভেম্বর

আগামী ৪ নভেম্বর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। এ বছরই প্রথম এসএসসি'র আদলে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৪ নভেম্বর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। এ বছরই প্রথম এসএসসি'র আদলে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নুরুল ইসলাম নাহিদ জানান, এবার অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি পরীক্ষার আদলে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর এ পরীক্ষায় আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪৮ হাজার ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় ২ লাখ ৭২ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। দুটি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মোট ১৫ লাখ ২০ হাজার ৭৩১ জন। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। অনেকে এখনো নিবন্ধন করেনি, সবার নিবন্ধন শেষ হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। জেএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আটটি বোর্ডের অধীনে সকালে ও বিকালে দু'বেলা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিন ৪ নভেম্বর সকালে বাংলা প্রথম পত্র এবং দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার দ্বিতীয় দিন ৭ নভেম্বর সকালে ইংরেজী প্রথম পত্র এবং দুপুরে ইংরেজী দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান, ৯ নভেম্বর দুপুর ২টায় সাধারণ বিজ্ঞান, ১০ নভেম্বর সকাল ১০টায় ইসলাম শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা, ১১ নভেম্বর সকাল ১০টায় গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়)/কৃষি শিক্ষা (তত্ত্বীয়) এবং ১৪ নভেম্বর সকাল ১০টায় গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেডিসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। ৪ নভেম্বর বাংলা সাহিত্য, ৬ নভেম্বর ইংরেজী, ৭ নভেম্বর আরবি-১ম পত্র, ৮ নভেম্বর আরবি-২য় পত্র, ৯ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ১০ নভেম্বর আত্তাওহীদ ওয়াল ফিক্হ, ১১ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৩ নভেম্বর সাধারণ গণিত, ১৪ নভেম্বর সামাজিক বিজ্ঞান এবং ১৫ নভেম্বর কৃষি শিক্ষা/ গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সংবাদ সম্মেলনে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, "৩১ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার নীতিমালা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এসএসসি পরীক্ষার মতো এ পরীক্ষার ফলাফলও গ্রেডিং-এ প্রকাশ করা হবে।" তিনি আরো বলেন, "যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল দেওয়ার জন্যে পরীক্ষকের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।" সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/আরএ/কেএমএস/১৬০০ ঘ.