রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ইংরেজি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মারধর করেছেন এক ছাত্রলীগ নেতা।
বুধবার রাতে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম জাহিদকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগ নেতা দুলাল হোসেন।
মার্কেটিং বিভাগের এমবিএ'র ছাত্র দুলাল ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক। গত বছর দুলালের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হয়েছে বলে জানান জাহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহিদ বলেন, "বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি সোহরাওয়ার্দী হলের সামনে কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। দুলাল মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে সেখানে নামেন। কোনো কথা না বলেই তিনি জাহিদের উপর চড়াও হন। বাঁশ দিয়ে জাহিদকে বেধড়ক মারতে থাকেন।"
অন্য সাংবাদিকরা থামাতে গেলে দুলাল আগ্নেয়াস্ত্র বের করে জাহিদকে ধাওয়া করেন। এ অবস্থায় জাহিদ দৌড়ে মাদার বখ্শ হলের মধ্যে ঢুকলে সেখানে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান বলে জানান জাহিদ।
হাবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও সেকশন অফিসারকে মারধর করেন দুলাল। এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই দুলাল তাকে হুমকি দিয়ে আসছিলো বলে জানান জাহিদ।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দুলালকে গ্রেপ্তারসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। এছাড়া প্রক্টরের মাধ্যমে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২১৫৫ ঘ.
bdnews24