রাজশাহী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সপ্তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কর্মসূচি শুরু হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী। পতাকা উত্তোলনের সময় সুসজ্জিত আনসার বাহিনীর একটি দল অভিবাদন প্রদান করেন।
সিরাজুল করিম রুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি রুয়েটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
দিবসটি উপলক্ষে রুয়েট প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষ রোপণ কর্মসূচি, কেন্দ্রীয় মসজিদে রুয়েটের উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
২০০৪ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইসস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) থেকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২১ ঘ.
bdnews24