রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নারীঘটিত দ্বন্দ্বের জেরে' সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে কুপিয়ে, পায়ে পেরেক মেরে এবং হাতুড়িপেটা করে জখম করেছে ছাত্রলীগকর্মীরা।
আহত মশিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মশিউর দর্শন বিভাগের ছাত্র। সোমবার তার মাস্টার্সের মৌখিক পরীক্ষা ছিল।
মশিউরের বন্ধুরা জানান, রাত ৮টার দিকে মশিউর বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে কেনাকাটা করছিলেন। এ সময় ছাত্রলীগকর্মী ফিরোজসহ ১০/১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পায়ে পেরেক ঢুকিয়ে দেয়। মশিউরের সাহায্যে মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে সন্ত্রসীরা।
পরে পুলিশ এসে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
একটি নারীঘটিত ঘটনার জেরে এ তাকে মারধর করেছে বলে মশিউরের বন্ধুরা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মী এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ মশিউরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24