২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়: কার্যক্রম শুরু না হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হুমকি

১৯ সেপ্টেম্বরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ঘোষণা না হলে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দেয়ার হুমকি দিয়েছে ভর্তি বাস্তবায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বরিশাল, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯ সেপ্টেম্বরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ঘোষণা না হলে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দেয়ার হুমকি দিয়েছে ভর্তি বাস্তবায়ন কমিটি। শনিবার সকাল ১১টার দিকে বরিশাল জেলা স্কুলের পরিত্যক্ত ভবনে এক মতবিনিময় সভায় 'বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি বাস্তবায়ন কমিটি' এ হুমকি দেয়। ২০০৯ সালের ৯ অক্টোবর শিক্ষামন্ত্রী বরিশাল সফরে এসে মৌখিকভাবে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন করেন। পরবর্তী সময়ে প্রাথমিকভাবে বরিশাল জেলা স্কুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ১৯৭৯ সালের ২৩ নভেম্বর মন্ত্রীপরিষদের বৈঠকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেন। ২০১১-১২ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে আসছে ভর্তি বাস্তবায়ন কমিটি। সভায় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন বলেন, "আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির অনুমতি না দেয়া হলে যতদিন বরিশাল বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু না হয় ততদিন বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।" শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. হারুন অর রশীদ। তিনি বলেন, "আগামী নভেম্বরের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে। শিক্ষা কার্যক্রম শুরু করার মতো অবকাঠামোও তৈরি আছে। মন্ত্রীর অনুমতি পেলেই এর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।" কমিটির আরেক সদস্য এমজি কবির ভুলু বলেন, "এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা না হলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশ্যে সদর রোডে আমি আত্মাহুতি দেব।" তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের জন্য জেলা স্কুলের যে স্থাপনা ছেড়ে দেওয়া হয়েছে তাতে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার মতো প্রয়োজনীয় অবকাঠামো বরিশালে রয়েছে। আমি বিষয়টি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরব।" আগামী ১৯ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বরিশাল সফরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শরুর এ দাবি মেনে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম মজিবুর রহমান, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ এম ফজলুল হক, বরিশাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন, বাবুগঞ্জ কলেজের অধ্যক্ষ আক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এর আগে সকাল ১০টার দিকে কমিটির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা বরিশাল জেলা স্কুলের সামনে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৯৫৭ ঘ.