ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু এবং ২৭ সেপ্টেম্বর থেকে ভর্তি ফরম বিতরণের সুপারিশ করেছে ডিনস কমিটি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ডিনস কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বুধবার একাডেমিক কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সুপারিশ অনুযায়ী, ২৯ অক্টোবর 'খ' ইউনিটের অধীনে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হবে। 'ক' ইউনিটের অধীনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ৫ নভেম্বর এবং 'গ' ইউনিটের অধীন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিভাগ পরিবর্তনকারী 'ঘ' ইউনিটের পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। এই ইউনিটে সব বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
'চ' ইউনিটের অধীনে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।
এর আগে ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
এ বছর ভর্তি পরীক্ষার ফরম অনলাইনে ছাড়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ ফরম ডাউনলোড করা যাবে। আগের বছরগুলোর মতো হাতে হাতে বিতরণ ব্যবস্থা থাকবে না।
ফরমের মূল্য অপরিবর্তিত (৩০০ টাকা) রাখা হয়েছে।
ফরম পূরণ করে জনতা, অগ্রণী, সোনালী এবং রুপালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময় ব্যাংকে ফরমের জন্য নির্ধারিত ৩০০ টাকা পরিশোধ করতে হবে। সেইসঙ্গে ব্যাংকের সার্ভিস চার্জ এবং ভ্যাট বাবদ দিতে হবে আরো ২৩ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২১৪০ ঘ.
bdnews24