জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ আউটার ক্যাম্পাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
এ জন্য আউটার ক্যাম্পাসের একটি তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সারা দেশে কতগুলো আউটার ক্যাম্পাস রয়েছে- এ তথ্য চেয়ে গত ১১ অগাস্ট সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১৯ অগাস্ট আউটার ক্যাম্পাসের তালিকা তৈরি করা হয়।
তালিকা অনুযায়ী, নয়টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও জেলায় একাধিক ক্যাম্পাস রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও নয়টির মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ই উচ্চ আদালতের স্থগিতাদেশ এনে ক্যাম্পাসগুলোর কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে।
দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সরকারি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ এনে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ২৯টি আউটার ক্যাম্পাস পরিচালনা করছে।
নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের রাজশাহী ও খুলনার ক্যাম্পাসও আদালতের স্থগিতাদেশের মাধ্যমে চলছে। একই অবস্থায় চলছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ও রাজশাহীর ক্যাম্পাস, রাজশাহীর শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলোজি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি।
এছাড়া সিলেট, বাগেরহাট, খুলনা ও যশোরে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। এসব ক্যাম্পাসে ইসলামিক স্টাডিজ এবং সমাজবিজ্ঞানে মাস্টার্স পড়ানো হয়। এছাড়া বিবিএ এবং এলএলবি অনার্স কোর্স পড়ানো হয়।
রাজশাহী ও খুলনার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। রাজশাহী ও খুলনায় রয়েল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং রাজশাহীতে সাউদার্ন ইউনিভার্সিটির আউটার ক্যাম্পাস রয়েছে। অনুমোদন ছাড়াই এসব ক্যাম্পাস ক্যাম্পাস চলছে।
এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি সি এম শফি সামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আউটার ক্যাম্পাস ও দূরশিক্ষণের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত। আমরা মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতি, সার্টিফিকেট ব্যবসার যে অপবাদ রয়েছে- তা কেবলমাত্র এরকম কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে।"
ওইসব বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যত কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার তাদের বিষয়ে ভাববে। আমরা চাই প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে হলেও এসব ক্যাম্পাস অবিলম্বে বন্ধ করা হোক।"
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৮ অগাস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সংশ্লিষ্টদের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও আউটার ক্যাম্পাস ও দূরশিক্ষণ বন্ধের দাবিতে একমত হয়। ওই সভায় সরকারি আদেশ অনুযায়ী এ ধরনের ক্যাম্পাস বন্ধের জন্যে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হয়।
ওই সভার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাও আউটার ক্যাম্পাস ও দূরশিক্ষণ বন্ধের বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/১০০৮ ঘ.
bdnews24