ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সোমবার 'কালো দিবস' পালন করছে।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিপীড়নের ঘটনার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ দিবসটিকে 'কালো দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
২০০৭ সালের এই দিনে বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প সরানোর দাবিতে ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের পর কয়েকজন শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার হন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলা দেখাকে কেন্দ্র করে ছাত্র ও সেনা সদস্যদের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা থেকে ওই সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়।
এ বছর 'কালো দিবস' উপলক্ষে সোমবার কালো ব্যাজ ধারণের পাশাপাশি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্থগিত থাকবে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে নির্যাতনবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি সভা শুরু হয়েছে। এখানে ২৩ অগাস্ট নির্যাতিত শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকে উপস্থিত আছে।
এ অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা শুরু হওয়ার কথা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/১১১০ ঘ.
bdnews24