খুলনা, আগষ্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতি নিশ্চিত করতে 'টিচারস অনলাইন ইন খুলনা' প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনার জিয়া হলে এই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
প্রকল্পের আওতায় ৫০টি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে অংশগ্রহণমূলক পাঠদান চালু হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয় (বিবি) ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
খুলনা নগর সংস্থার মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
এছাড়া বক্তব্য রাখেন- ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী বিভূতি রায়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এন এম মিজানুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24