ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার সমর্থক ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার দুই গ্র"পের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হয়।
এদের মধ্যে রসায়ন বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র শাকিব গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার এ ঘটনায় মতিহার থানায় পাল্টাপাল্টি মামলা করেছে উভয় পক্ষ।
সংঘর্ষের পর বিকালে সাধারণ সম্পাদক মাজেদুলকে পুলিশ আটক করে। প্রতিপক্ষের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর গত ৫ জুলাই দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর একই কারণে ২০০৯ সালের ১৪ জানুয়ারি প্রথমবারের মতো এ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিলো।
এক মাসের ব্যবধানে ১৪ ফেব্র"য়ারি কমিটি বাতিল করা হয়।
পরে ১৯ মে নতুন কমিটি গঠন করে নেতাকর্মীদের ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24