রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় রোববার মতিহার থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।
উভয় মামলায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার, হামলা এবং মারামারির অভিযোগ আনা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হয়। এদের মধ্যে রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিব গুলিবিদ্ধ হয়েছে।
দুপুর আড়াইটা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সংঘর্ষের ঘটনায় অপুকে শনিবার বিকেলে পুলিশ আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।
রাবি ছাত্রলীগের সভাপতির সমর্থক সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান রোববার সকালে সংগঠনের সাধারণ সম্পাদকসহ ১০ জনের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে সাধারণ সম্পাদকের সমর্থক পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আজিজুল হক সংগঠনের সভাপতিসহ ২২ জনের নাম উল্লেখ করে একই থানায় মামলা দায়ের করেন।
মেহেদী হাসানের দায়েরকৃত মামলার আসামিরা হচ্ছে- আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র রতন, সোহরাওয়ার্দী হলের গোলাপ ও তাকিম, ফাইন্যান্স বিভাগের তুহিন, অক্ট্রয় মোড় এলাকার লিয়ন, পদার্থ বিজ্ঞানের আশিষ ও মকসেদ, হিসাব বিজ্ঞানের বাপ্পী এবং সমাজকর্ম বিভাগের মেহেদী।
আজিজুল হকের মামলার আসামিরা হলো- ব্যবস্থাপনা বিভাগের নয়ন, এমবিএ'র সোহেল, ইসলামের ইতিহাসের রনি-১ ও রনি-২, মার্কেটিংয়ের আরিফ ও গোলাম মোস্তফা, ভূগোলের রকি, নাজমুল ও জয়, নৃ-বিজ্ঞানের সৌরভ ও বিল্লাল হোসেন, ইতিহাসের মিন্টু, ইসলামিক স্টাডিজের ওয়াজ কুরুনি, লোক প্রশাসনের হুমায়ুন কবির ও পলাশ, হিসাব বিজ্ঞানের ফারুক ও শরীফ, ফোকলোরের দেলোয়ার হোসেন ডিলস, অর্থনীতির নয়ন এবং অন্য একটি বিভাগের রনি ও মেহেদী। এছাড়া এই মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী হাসানের মামলায় অপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হিসাব বিজ্ঞানের ছাত্র শরীফ ও সংস্কৃতি বিভাগের মেহেদীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই দুজনই সভাপতির সমর্থক।
বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে এসআই আরিফ জানান।
এদিকে দুপুরে অপুকে রাজশাহী মহানগর হাকিম-১ আদালতে হাজির করা হয়। বিচারক আমিরুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পরিদর্শক দেবেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাগুলির পর ছাত্রলীগের কর্মীরা আবাসিক হলগুলোতে সশস্ত্র অবস্থান নেয়। কর্তৃপক্ষ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালায়। তবে কাউকে গ্রেপ্তার কিংবা কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি।
অন্যদিকে রোববার ক্যাম্পাসে ক্লাস স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে আসেনি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩৫ ঘ.
bdnews24