রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুবলীগ নেতাকর্মীদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র আহত হয়েছে।
হামলার ঘটনায় সাধারণ ছাত্র ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুপক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পাশের মেহেরচণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের হালিম, বাসুদেব ও মইনুদ্দিন। তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মেহেরচণ্ডী এলাকার যুবলীগকর্মী সুমন বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হালিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
সুমনের সঙ্গে রাজশাহী মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কালুও ছিলেন। এক পর্যায়ে কালু মারধর করেন হালিমকে। হালিমের বন্ধু বাসুদেব ও মইনুদ্দিন এগিয়ে গেলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়।
যুবলীগ নেতা কালু, কর্মী সেন্টু, উজ্জল ও আতাউর দুপুর ১২টার দিকে মেহেরচণ্ডী এলাকায় বাসুদেব ও মইনুদ্দিনকে মারধর করে। অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
হামলার খবর পেয়ে সাধারণ ছাত্র ও ছাত্রলীগ নেতাকর্মীরা মেহেরচণ্ডী এলাকায় বিক্ষোভ করে। যুবলীগ কর্মীরাও মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ছাত্রলীগ সভাপতি আউয়াল কবির জয় হামলার সঙ্গে জড়িত যুবলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন।
বহিরাগতদের হামলায় ছাত্র আহত হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.
bdnews24