রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়সহ আট বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ কোটি ২২ লাখ টাকার দুর্নীতি হয়েছে।
২০০১-২০০৮ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ, পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম, শিক্ষা প্রকল্প ও প্রকৌশল খাতে এসব দুর্নীতি হয়েছে বলে এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সব দুর্নীতির জন্য দায়ী করা হয়েছে এ সময় কালে দায়িত্বপালনকারী দুজন উপাচার্য ও দুজন উপ-উপাচার্যসহ আরো কয়েকজন কর্মকর্তাকে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০০৯ সালের শেষের দিকে দুর্নীতি তদন্তে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক এম এন্তাজুল হককে আহ্বায়ক করে গঠিত কমিটি রোববার সিন্ডিকেটে প্রতিবেদন জমা দিয়েছে।
সোমবার রাতে সিন্ডিকেট প্রতিবেদনটি অনুমোদন করে।
তদন্ত কমিটির সদস্য সচিব ও অপর তিন সদস্য হলেন যথাক্রমে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক জুলফিকার মতিন, আইন ও বিচার বিভাগের শিক্ষক আলী আক্কাস ও অ্যাডভোকেট জিল্লুর রহমান।
দুর্নীতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদনটি পাঠানো হবে বলে জানিয়েছেন উপাচার্য ও সিন্ডেকেট সভাপতি ড. আব্দুস সোবহান।
তদন্ত কমিটির সদস্য সচিব অধ্যাপক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোট সরকারের আমলের প্রশাসনের শুরু থেকে অর্থাৎ ২০০১ থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দপ্তরের তথ্যানুসন্ধান করা হয়েছে।
তবে কোনো কোনো দপ্তরে সব তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী ও অধ্যাপক ড. এম আলতাফ হোসেন এবং উপ-উপাচার্য অধ্যাপক কেএএম শাহাদত হোসেন মণ্ডল ও অধ্যাপক ড. মামনুনুল কেরামত এসব দুর্নীতির জন্য দায়ী।
এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এম লুৎফর রহমান, প্রধান প্রকৌশলী আব্দুর রহিম, পিজিডি ইন আইটি প্রোজেক্ট এর পরিচালক খাজা জাকারিয়া আহমেদ চিশতী ও আইন শাখার (লিগ্যাল সেল) সহকারী রেজিস্ট্রার তাজুল ইসলামকেও দায়ী করা হয়েছে।
প্রতিবেদনে বিভিন্ন খাতের দুর্নীতির বিবরণ দেওয়া হয়েছে।
এর মধ্যে জনবল নিয়োগে ৭ কোটি ৩ লাখ ৭৫ হাজার চারশ' ৩৫ টাকার দুর্নীতি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই ২০০৪ সালে নিয়োগ করা ৫৫৩ জন কর্মচারীর বেতন-ভাতা বাবদ এই টাকা খরচ করা হয়।
২০০৪-২০০৭ সাল পর্যন্ত ৬০২টি সৃষ্ট পদের বিপরীতে ১ হাজার ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরের অধীনে উন্নয়ন খাতে ৮ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার দুর্নীতি হয়েছে।
এর মধ্যে শহীদ হবিবুর রহমান হল পুনর্র্নিমাণ, ৫০ শষ্যার এমফিল ডরমেটরি এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র সংযোজনে এ দুর্নীতি করা হয়েছে।
২০০০-০১ এবং ২০০৩-০৪ অর্থবছরে বই ও জার্নাল কেনার জন্য দুই কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করা হলেও এ খাতে এক কোটি ৫২ লাখ টাকা খচর করা হয়েছে।
শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এর ভবন নির্মাণে ৪ লাখ ৪৬ হাজার ৪৪৩ টাকার অসংগতি পাওয়া গেছে।
এ ছাড়া অন্য ১৭টি নির্মাণ কাজের জন্য এই দপ্তর দুই কোটি ২৩ লাখ ২৩ হাজার ৪১৫ টাকা অবৈধভাবে পরিশোধ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
প্রকল্প পরিচালকের গাফলতির কারণে ২০০২-২০০৫ সালের মধ্যে পিজিডি ইন আইটি প্রোজেক্ট-এ ৩ কোটি ৬৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লিগ্যাল সেল ১৪ লাখ টাকা বিভিন্ন জনকে অবৈধভাবে দিয়েছে বলে তদন্তপ্রতিবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24