রাজশাহী, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোববার কোনো ক্লাশ হয়নি।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা সকালে রুয়েটের পাঁচটি হলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে হল গেট খুলে দেওয়া হলেও কোনো বিভাগে ক্লাস হয়নি।
তারা ক্যাম্পাসে পরিবহনের বাস চলাচলও বন্ধ করে দেয়।
বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এরপর প্রশাসন ভবনে উপাচার্য দপ্তরের সামনে প্রতীক অনশন করে।
তবে সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে তালা লাগিয়ে দিয়েছে বলে ছাত্রলীগ দাবি করেছে।
সাত দফা দাবি হল- বিএনপি-জামায়াতপন্থি যন্ত্রকৌশল অনুষদের ডিন শামীম আক্তার, যন্ত্রকৌশল বিভাগের প্রধান রফিকুল আলম বেগ, পুরকৌশল অনুষদের ডিন সৈয়দ আব্দুল মজিদের অপসারণ, একমাত্র ছাত্রীহলের নামকরণ শেখ হাসিনার নামে করা, ২০০৯ সালের ২১ নভেম্বর ভর্তি পরীক্ষার সময় শিবিরের বিশৃঙ্খলার বিচার, চলতি বছরের ২৯ জানুয়ারি শিক্ষার্থীদের উপর বাস শ্রমিক ও পুলিশী নির্যাতনের বিচার, ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলের শিবির কর্মীদের বিচার, শহীদ আব্দুল হামিদ হল ও শহীদ শহীদুল ইসলাম হলের প্রাধ্যক্ষ এবং তড়িৎ ও ইলেকট্রনিকস বিভাগের প্রধান আব্দুল গাফফারকে অপসারণ করে নতুন নিয়োগদান।
রুয়েট শাখা ছাত্রলীগের আহবায়ক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ তাদের সাত দফা দাবিতে গত ১৪ জুলাই উপাচার্যকে স্মারকলিপি দেয়। ওই দিন বিক্ষোভ সমাবেশ করে দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনে অনেকে জামায়াত-শিবির তোষণ করছে বলেও হারুণ অভিযোগ করেন।
উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রী হলের নামকরণসহ ছাত্রলীগের অধিকাংশ দাবি বাস্তাবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের অপসারণের বিষয়টি তার এখতিয়ারে নেই বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১২ ঘ.
bdnews24