ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারো মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছে। তবে মেয়েদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা এবারো বেড়েছে।
এ বছর ১০ বোর্ডে মোট পাসের হার ৭৪ দশমিক ২৮। এর মধ্যে ছাত্র পাসের হার ৭৪ দশমিক ৬২ এবং ছাত্রী পাসের হার ৭৩ দশমিক ৮৭।
১০ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডেই জিপিএ-৫ প্রাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৯ হাজার ৪৫০। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যা ১১ হাজার ২০।
বরাবরের মতো ছেলেদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেশি হলেও অন্যবারের চেয়ে মেয়েদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। গত বছর ১০টি শিক্ষা বোর্ডে ৮ হাজার ৪৮ জন ছাত্রী জিপিএ-৫ পায়। এবার তা বেড়ে হয়েছে ১১ হাজার ৯০২ জন।
বোর্ড অনুযায়ী ফলাফল বিশ্লেষণেও জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যাই বেশি।
বৃহস্পতিবার মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়।
ঢাকা বোর্ড:
ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পাওয়া মোট শিক্ষার্থী ১১ হাজার ২০ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ২১২, ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৮০৮। জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্রের হার ৬ দশমিক ০৯ এবং ছাত্রীর হার ৫ দশমিক ১৮।
রাজশাহী বোর্ড:
রাজশাহী বোর্ডে জিপিএ- ৫ প্রাপ্ত মোট ৫ হাজার ৬০২ জনের মধ্যে ৩ হাজার ৮২ জন ছাত্র। আর ছাত্রী ২ হাজার ৫২০ জন।
কুমিল্লা বোর্ড:
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ১৬৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ শ জন এবং ছাত্রী ৪৬৮ জন।
যশোর বোর্ড:
পাসের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা যশোর বোর্ডেও ছাত্ররাই বেশি সংখ্যায় জিপিএ- ৫ পেয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ২৩৬ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ২৯৮ জন এবং ছাত্রী ৯৩৮ জন।
চট্টগ্রাম বোর্ড:
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮৬৯ জন এবং ছাত্রী ৭৪৯ জন।
বরিশাল বোর্ড:
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৮২ জন এবং ছাত্রী ৬৭৫ জন।
সিলেট বোর্ড:
সিলেট বোর্ডে জিপিএ-৫ পাওয়া ৫৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫২ জন এবং ছাত্রী ২৪৫ জন।
দিনাজপুর বোর্ড:
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৮১৪ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্ররা এগিয়ে রয়েছে। এ বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৬৯ জন ছাত্র এবং ৭৪৫ জন ছাত্রী।
মাদ্রাসা বোর্ড
মাদ্রাসা বোর্ডে জিপিএ- ৫ পাওয়া মোট ২ হাজার ৯৫৭ জনের মধ্যে ২ হাজার ৩০২ ছাত্র এবং ছাত্রী ৬৫৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ড:
কারিগরি শিক্ষা বোর্ডে মোট জিপিএ- ৫ পাওয়া ২০২ জনের মধ্যে ১০৩ জন ছাত্র। ছাত্রী ৯৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/কেএমএস/১৮১৪ ঘ.
bdnews24