রিয়াজুল বাশার ও জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল বৃহস্পতিবার একযোগে প্রকাশ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ফল ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছে। দুপুরের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের নানা দিক তুলে ধরেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে ফলাফল সম্পর্কে দুই রকম তথ্য নিয়ে জটিলতা সৃষ্টি হলে প্রথম দফায় সম্মেলনটি স্থগিত করে পৌনে এক ঘন্টা পর আবার সংবাদ সম্মেলন করেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মোট ফলাফলের সঙ্গে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) এর ফলাফল যুক্ত করায় দুই ধরণের তথ্য পাওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়। পরে মন্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষনিকভাবে সংবাদ সম্মেলন থেকে উঠে যান।
দুপুর দেড়টার দিকে আবার তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের অবহিত করে বলেন, ''ডিআইবিএস হচ্ছে এইচএসসি সমমানের। অতীতে তা কখনোই তা ফলাফলের সঙ্গে যুক্ত করা হয়নি। এবার আমরা ফলাফলের সঙ্গে যুক্ত করেছি বলেই এই জটিলতা সৃষ্টি হয়েছে।"
তিনি জানান, ১০ বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ডিআইবিএসসহ ৭৪ দশমিক ৩১ এবং ডিআইবিএস ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ২৮।
ডিআইবিএস শুধু ঢাকা বোর্ডের অধীনে রয়েছে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বোর্ডের অধীনে ডিআইবিএসসহ পাসের হার ৭২ দশমিক ২৫ এবং ডিআইবিএস ছাড়া পাসের হার ৭২ দশমিক ১০।
ডিআইবিএস ছাড়া ১০ বোর্ডে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৬৭১ জন। ডিআইবিএসসহ ১০ বোর্ডে এই সংখ্যা ২৯ হাজার ৪ জন।
এর আগে সকালে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
এ পরীক্ষায় গত বছর পাসের হার ছিলো ৭০ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ২২২ জন।
এ বছর পাসের হার বেড়েছে ৩ দশমিক ৫৫।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হলো।
সংবাদ সম্মেলনে ২০১০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ, রাজশাহীতে ৭৫ দশমিক ৪৩ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৭৩ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক ৫৪ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ১২, চট্টগ্রামে ৭২ দশমিক ৬৫, কুমিল্লায় ৭৩ দশমিক ১৩ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৭৪ দশমিক ৩৪ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮২ দশমিক ৪৮ শতাংশ।
১০টি বোর্ডের মধ্যে শতকরা পাসের হার সিলেট বোর্ডে বেশি। সর্বনিু দিনাজপুরে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, "বর্তমান এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দুটি কলেজে পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলেছেন।''
শিক্ষামন্ত্রী এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। শিক্ষা সচিব ও বোর্ডের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এ ছাড়া তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধু সরকারি কলেজে আয়োজিত কনফারেন্সে কথা বলেন।
শিক্ষা বোর্ড থেকে ই-মেইল করে অনেক কলেজে ফলাফল পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল মোবাইল ফোনে এসএমএস করে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে।
দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ফল পেিেতি .িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃ.মড়া.নফ এ লগ ইন করতে হবে। যঃঃঢ়://ৎবংঁষঃ.নঃবফ.মড়া.নফ ঠিকানায় পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল। আর এসএমএস এর মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
গত ১ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিলো ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/এসএম/এজে/ কেএমএস/১৭৪৮ ঘ.
bdnews24