ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। গত বছর এ সংখ্যা ছিলো ৭৫৫টি।
বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
তিনি জানান, শতভাগ পাসের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০০৩ সালে এ সংখ্যা ছিলো ৪৪টি। পরে বছর বেড়ে হয়েছে ৮৩টি। ২০০৫ সালে ২৭২, ২০০৬ সালে ৩৬৩, ২০০৭ সালে ৪৩৪ ও ২০০৮ সালে ৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে।
এবার ঢাকা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি, রাজশাহীতে ১২টি, কুমিল্লায় ৫টি, যশোরে ৬টি, চট্টগ্রামে ৭টি, বরিশালে ৮টি, সিলেটের ৪টি, দিনাজপুরে ৫টি।
মাদ্রাসা বোর্ডে ৫৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। কারিগরি বোর্ডের আওতায় ১০৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বৃহস্পতিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসাসহ ১০ বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ হয়। গড় পাসের হাার ৭৪ দশমিক ২৮। গ্রেড পয়েন্ট এভারেজ-৫ (জিপিএ) পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এমএসবি/১৫২১ ঘ.
bdnews24