২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি অচল করে দিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী পক্ষ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন খোকনসহ সাতজন গ্রেপ্তার হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচল করে দিয়েছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন খোকনসহ সাতজন গ্রেপ্তার হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচল করে দিয়েছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। তারা রোববার ক্যাম্পাসের গাড়ী চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের অফিস, সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়ে গেছে। আতঙ্কে ক্যাম্পাসে আসছে না সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন ও উপ উপাচার্য ড. মো. কামাল উদ্দিনের গাড়ীর চাবি নিয়ে নেয় ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা কর্মীরা। এ ছাড়াও তারা কুষ্টিয়া, গাড়াগঞ্জ ও ঝিনাইদহের ক্যাম্পাসগামী সকল গাড়ীর চাবি কেড়ে নেয়। ফলে উপাচার্য, উপ উপাচার্য, কর্মকর্তা কর্মচারি ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেনি। পরিবহন প্রশাসক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বিদ্রোহী গ্রুপের নেতা কর্মীদের কাছে গাড়ীর চাবি চাইলেও তারা চাবি দেয়নি। তাই রোববার সকাল থেকে ক্যাম্পাস অচল হয়ে গেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. রেজওয়ানুল ইসলাম। ছাত্রলীগের বিদ্রোহী পক্ষের নেতা ও বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী গাফ্ফার ও আনিচুজ্জামান লিটন গত ২২ জুন মৌখিকভাবে পদত্যাগ করেছে বলে জানায় ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম কেরামত। বিদ্রোহী ছাত্রলীগ নেতা-কর্মীরা রোববার সকাল ৯ টার দিকে মধুপুর বাজার সংলগ্ন ইটের ভাটা মোড়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। ইবি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এদিকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইবি ছাত্রলীগ নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সমাবেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪০৭ ঘ.